আলমডাঙ্গায় আহত কাবাডি খেলোয়াড় জুবায়েরের বাড়িতে জেলা শিক্ষা অফিসার

স্টাফ রিপোর্টার
খেলার মাঠে চোট পেয়ে বিছানায় শয্যাশায়ী এক উদীয়মান কাবাডি খেলোয়াড় জুবায়ের এর- শারীরিক খোঁজ খবর নিলেন চুয়াডাঙ্গার জেলা শিক্ষা  কর্মকর্তা মো: আনিসুর রহমান। গতকাল বুধবার বিকেল ৪টায় আলমডাঙ্গার উপজেলার কয়রাডাঙ্গা গ্রামে ছুটে যান জেলা শিক্ষা অফিসার।
স্থানীয় সূত্রে জানা গেছে, কয়েকদিন আগে বাংলাদেশ জাতীয় অন্ত:স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা গ্রীষ্মকালীন ক্রীড়া   প্রতিযোগিতার অংশ হিসেবে কাবাডি ম্যাচ চলছিল। সেই ম্যাচে গোকুলখালি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জুবায়ের আহমেদ মাঠে বীরত্বের সাথে লড়াই করার সময় গুরুতর আহত হন। মাঠ থেকে তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে স্থানীয় হারদী হাসপাতালে জরুরি বিভাগে ভর্তি করা হয়। সেখানে নিবিড় চিকিৎসা শেষে কিছুটা সুস্থ হলে তাকে গ্রামের বাড়িতে ফিরিয়ে আনা হয়। হঠাৎ করে  শিক্ষা অফিসারকে জুবায়েরের শিয়রে বসে মাথায় হাত বুলিয়ে দিতে দেখে জুবায়েরের অভিভাবক ও উপস্থিত গ্রামবাসী কৃতজ্ঞতায় আপ্লুত হয়ে যান।
জেলা শিক্ষা কর্মকর্তা আনিসুর রহমান কেবল জুবায়েরের শারীরিক খোঁজখবরই নেননি, বরং তার পরিবারের প্রতি পরম মমতায় সহযোগিতার হাত বাড়ানোর আশ্বাস দিয়েছেন । তিনি স্পষ্ট ভাষায় আশ্বাস দিয়ে বলেন, জুবায়েরের সুস্থতা, তার পড়াশোনা কিংবা আগামীতে খেলাধুলা চালিয়ে যাওয়ার জন্য যেকোনো ধরণের প্রয়োজনে আমি এবং আমার প্রশাসন সবসময় তার পাশে থাকবে।
এ সময় জেলা শিক্ষা অফিসারের সাথে আরও উপস্থিত ছিলেন শিক্ষা অফিসের গবেষণা কর্মকর্তা আনোয়ার হোসেন, বাংলাদেশ শারীরিক শিক্ষার শিক্ষক সমিতির চুয়াডাঙ্গা জেলা শাখার সাধারণ সম্পাদক রকিবুল ইসলাম (ইসলাম রকিব), গোকুল খালি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শারীরিক শিক্ষা হামিদুল হক এবং জেলা শিক্ষা অফিসের সুব্রত কুমারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।