দামুড়হুদায় ৫৩তম গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

দামুড়হুদা অফিস
ক্রীড়া নৈপুণ্যে গড়ব দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে দামুড়হুদায় ৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে উপজেলা পরিষদের সভাকক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী অফিসার লাভলী ইয়াসমিন। এসময় তিনি বলেন লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশ ঘটায়। সুস্থ দেহে সুন্দর মন গঠনে এবং মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে ক্রীড়ার বিকল্প নেই। আজকের এই মাঠ থেকেই আগামীর জাতীয় ক্রীড়াবিদ তৈরি হবে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (অঃদাঃ) আনিসুর রহমান এর সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, উপজেলা জামাত ইসলামের আমীর নায়েব আলী, দামুড়হুদা প্রেসক্লাব সভাপতি শামছুজোহা পলাশ।
এবারের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতায় উপজেলার বিভিন্ন স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা সাঁতার, কাবাডি, দাবা ও হ্যান্ডবল এই চারটি ইভেন্টে অংশগ্রহণ করে। পরে বিভিন্ন ইভেন্টে বিজয়ী শিক্ষার্থী ও শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, ক্রীড়া শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটির সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন একাডেমিক সুপার ভাইজার রাফিজুল ইসলাম।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।