দামুড়হুদা অফিস
চুয়াডাঙ্গার দামুড়হুদা মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে ৫ গ্রাম গাঁজাসহ আয়নাল হক (৪৪) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। পরে তাকে বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সামারি ট্রায়ালে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, বিষ্ণুপুর পুলিশ ক্যাম্পের এসআই (নিঃ) প্রদীপ বিশ্বাস সঙ্গীয় অফিসার ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে দামুড়হুদা থানাধীন দলকা লক্ষীপুর গ্রামে গত মঙ্গলবার রাত ১০টার দিকে অভিযান চালান। অভিযানে দলকা লক্ষীপুর গ্রামের মৃত রহিম বিশ্বাসের ছেলে আয়নাল হকের বাড়ির সামনে পাকা রাস্তার উপর থেকে তাকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার দেহ তল্লাশি করে পরিহিত লুঙ্গির ডান কোচর থেকে নীল পলিথিনে মোড়ানো ০৫ (পাঁচ) গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
পরবর্তীতে আসামিকে থানায় নিয়ে আসা হয় এবং সংক্ষিপ্ত বিচারের জন্য বিজ্ঞ সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে সোপর্দ করা হলে আদালত আসামি আয়নাল হক (৪৪) কে ০৬ (ছয়) মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১,০০০/- টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ (পনের) দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেজবাহ উদ্দিন জানান, মাদকদ্রব্য, অবৈধ অস্ত্র, গোলাবারুদ উদ্ধার এবং চোরাকারবারী, মাদক ক্রয়-বিক্রয়কারী, দস্যুতা, ছিনতাইকারী ও ডাকাতসহ অবৈধ অস্ত্রধারীদের গ্রেফতারে থানা পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
দামুড়হুদায় গাঁজাসহ একজন গ্রেফতার, ৬ মাসের কারাদণ্ড



