দর্শনা অফিস
দর্শনা থানার আকন্দবাড়িয়া এলাকায় ইয়াবাসহ রিপন মিয়া (৩৯) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। পরে তাকে সংক্ষিপ্ত বিচারে (সামারি ট্রায়াল) আদালতে সোপর্দ করা হলে আদালত তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে। আটক রিপন মিয়া দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের আব্দুল মান্নান ও মোছা. ছালেহা খাতুন দম্পতির ছেলে।
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, গত মঙ্গলবার রাতে এসআই আলমগীর কবির ফোর্সসহ এলাকায় অভিযান পরিচালনা করছিলেন। রাত পৌনে ৩টার দিকে মোবাইল ফোনে পাওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, দর্শনা থানাধীন আকন্দবাড়িয়া গ্রামের রিপন মিয়ার বাড়ির সামনের পাকা সড়কে মাদকদ্রব্য কেনাবেচা চলছে।
সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে রিপন মিয়া পালানোর চেষ্টা করেন। এ সময় পুলিশ তাকে আটক করে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে।
পুলিশ জানায়, গ্রেফতারের পর সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচারের জন্য রিপন মিয়াকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট (সংক্ষিপ্ত বিচার আদালত) আদালতে উপস্থাপন করা হয়। আদালত সাক্ষ্য-প্রমাণ ও শুনানি শেষে তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড দেন। অর্থদণ্ড অনাদায়ে আরও ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
দর্শনার আকন্দবাড়িয়ায় ইয়াবাসহ আটক রিপনের ১ বছরের কারাদণ্ড



