স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মারুফ রহমানের সাথে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যা ৭টায় সদর থানার অফিসার ইনচার্জের অফিস কক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভার শুরুতে উপস্থিত সাংবাদিকবৃন্দ ও নবাগত ওসি একে অপরের সাথে পরিচিতি হন। ওসি চুয়াডাঙ্গার আইনশৃংঙ্খলার উন্নয়নে সাংবাদিকদের সহযোগিতা কামনা করেন। মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন দৈনিক খাসখবর পত্রিকার প্রধান সম্পাদক রাজীব হাসান কচি, দৈনিক আজকের চুয়াডাঙ্গা পত্রিকার সম্পাদক ও প্রকাশক বিপুল আশরাফ, বার্তা সম্পাদক মোঃ পলাশ উদ্দীন, সিনিয়র সাংবাদিক অ্যাড. মানিক আকবর, বাংলাদেশ প্রতিদিনের জেলা প্রতিনিধি জামান আকতার, মাথাভাঙ্গা পত্রিকার শিফট ইনচার্জ আলম আশরাফ, সময়ের সমীকরণের স্টাফ রিপোর্টার সামি, সাংবাদিক মিজানুর রহমান, শেখ লিটন প্রমুখ।
সদর থানার নবাগত অফিসার ইনচার্জ মো. মারুফ রহমান বলেন, আমরা তো আসলে পেশাদারিত্বের সাথে চাকরি করতে চাই। আমার কাছে সবাই সমান। আমি সবাইকে নিয়ে মিলেমিশে চলতে চাই। আমি চাই যে আমি এখান থেকে যখন চলে যাব, আমাকে যেন আগন্তুক লোকজন বলে যে না স্যার একটা ভালো অফিসার ছিল। আমি এই চুয়াডাঙ্গা থেকে কোটি কোটি টাকা উপার্জন করতে চাই না, আমি এই চুয়াডাঙ্গা থেকে যে চেহারা নিয়ে এসেছি, এই চেহারা নিয়ে যেতে চাই। পুলিশ ডিপার্টমেন্টের কিছু সুখী ব্যক্তি থাকে, আমি তার মধ্যে একজন। কাজের মাধ্যমে কোনো যদি ভুলত্রুটি হয়, আপনারা দয়া করে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। কেউ যদি আমার ওপর কষ্ট পেয়ে থাকেন, পরদিন এসে বলবেন যে ‘ভাই আপনার ওপর কিন্তু রাগ করছি।’ দেখবেন যে রাগটা চলে যাবে। কিন্তু রাগটা যদি পুষে রাখেন, আমারও খারাপ লাগবে, আমিও কাজ করতে পারব না।
চুয়াডাঙ্গা সদর থানার নবাগত অফিসার ইনচার্জের সাথে সাংবাদিকদের মতবিনিময়



