হরিণাকুণ্ডু প্রতিনিধি
ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার তাহেরহুদা গ্রামে ‘মেসার্স কৃষিঘর ট্রেডার্স’-এর আয়োজনে প্রীতি ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। গতকাল রবিবার বিকালে তাহেরহুদা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। স্থানীয় তাহেরহুদা গ্রামের পঞ্চম ও ষষ্ঠ শ্রেণির বালকদের নিয়ে গঠিত ‘এ’, ‘বি’, ‘সি’ এবং ‘ডি’—এই চারটি দলের অংশগ্রহণে টুর্নামেন্টটি বেশ জমে ওঠে। সমাপনী খেলায় ‘সি’ দল ৫-১ গোলের বড় ব্যবধানে জয়লাভ করে টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। টুর্নামেন্টের সার্বিক পৃষ্ঠপোষকতায় ছিলেন নজরুল ইসলাম (মুকুল)। সমাপনী খেলাটি পরিচালনা করেন মেসার্স কৃষিঘর ট্রেডার্সের স্বত্বাধিকারী আল আমিন নয়ন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন তাহেরহুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনজুর রাশেদ। এ ছাড়া এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও রাজনৈতিক নেতৃবৃন্দ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টের আয়োজকরা জানান, বড়দের পাশাপাশি এই ছোট ছোট বাচ্চারাও খেলাধুলা করতে আগ্রহী, কিন্তু অনেক সময় তাদের অবহেলা করা হয়। শিশুদের লেখাপড়ার পাশাপাশি খেলাধুলার সুযোগ করে দিলে তারা যেমন ভালো খেলাধুলা করতে পারবে, তেমনি মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে। এই মহৎ চিন্তা ও ধারণা থেকেই মূলত এই ছোট্ট আয়োজন করা হয়েছিল।
খেলা শেষে আমন্ত্রিত অতিথিবৃন্দ চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন। এ সময় অতিথিরা শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, নিয়মিত পড়াশোনার পাশাপাশি শারীরিক ও মানসিক বিকাশের জন্য খেলাধুলা অত্যন্ত জরুরি। তাই পড়াশোনার পাশাপাশি খেলাধুলাকেও সমান গুরুত্ব দিতে হবে।
হরিণাকুণ্ডুর তাহেরহুদায় প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ



