দর্শনা অফিস
দর্শনার মেমনগর বিডি মাধ্যমিক বিদ্যালয়ে মাদক, অনলাইন জুয়া, বাল্যবিবাহ ও সাইবার বুলিং প্রতিরোধ এবং শিক্ষার মানোন্নয়ন নিয়ে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি আলহাজ মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে ওসি নজরুল ইসলাম বলেন, মাদক ও অনলাইন জুয়া শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য বড় হুমকি। তাই এসব থেকে দূরে থাকার পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারে সতর্ক হতে হবে। সাইবার বুলিং বা অনলাইন হয়রানির শিকার হলে অভিভাবক ও শিক্ষকদের জানানোর পরামর্শ দেন তিনি। একই সঙ্গে বাল্যবিবাহ প্রতিরোধে পরিবার ও সমাজের সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
সভাপতির বক্তব্যে মশিউর রহমান বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধে গড়ে তুলতে হবে। মাদক, জুয়া, বাল্যবিবাহ ও সাইবার বুলিং থেকে শিক্ষার্থীদের রক্ষায় পরিবার ও বিদ্যালয়ের সমন্বিত উদ্যোগ প্রয়োজন বলেও তিনি উল্লেখ করেন। এসময় আরও উপস্থিত ছিলেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক একরামুল হক, অভিভাবক প্রতিনিধি মোরশেদুর রহমান লিংকন ও শিক্ষক প্রতিনিধি ফারাজানা। সভায় বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। বক্তারা শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিক শিক্ষা ও শৃঙ্খলা মেনে চলার আহ্বান জানান।
দর্শনায় মাদক ও সাইবার বুলিং প্রতিরোধে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত



