চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্ত এলাকায় বিজিবির অভিযানে ২৯ লাখ টাকা মূল্যের মাদক ও চোরাচালানী পণ্য জব্দ

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার বিভিন্ন সীমান্তবর্তী এলাকায় মাদক ও চোরাচালান বিরোধী পৃথক অভিযান চালিয়ে ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল মঙ্গলবার চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বিভিন্ন বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির ভারপ্রাপ্ত কোয়ার্টার মাষ্টার সহকারী পরিচালক মোহাম্মদ রাজ মামুদ গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ব্যাটালিয়নের অধীনস্থ আইসিপি, দর্শনা, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা ও সুলতানপুর বিওপির টহল দল সীমান্তবর্তী এলাকায় পৃথক অভিযান চালায়। এ সময় বিপুল পরিমাণ ভারতীয় মাদকদ্রব্য ও চোরাচালানী পণ্য জব্দ করা হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, ৩ হাজার ৬০ পিস ভারতীয় ডেক্সামেথাসন ট্যাবলেট, ৫ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপটাডিন ট্যাবলেট, ২৬৪ পিস বিভিন্ন ধরনের ভারতীয় কসমেটিকস, একটি ভারতীয় শাড়ি ও একটি ভারতীয় কম্বল। জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ২৯ লাখ ১৮ হাজার ৪৫০ টাকা।
চুয়াডাঙ্গা ৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান বলেন, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত এলাকায় মাদক, চোরাচালান ও অন্যান্য অবৈধ কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্ব, দায়িত্বশীলতা ও আন্তরিকতার সঙ্গে কাজ করে যাচ্ছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।