রোগিদের চিকিৎসাসেবা ও সার্বিক ব্যবস্থাপনা দেখতে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শনে এমপি মাসুদ পারভেজ রাসেল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও সার্বিক ব্যবস্থাপনা নিয়মিত তদারকি করছেন অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল এমপি। সরকারি হাসপাতালে সাধারণ মানুষ যাতে কাঙ্খিত ও মানসম্মত চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় সুযোগ-সুবিধা পান, তা নিশ্চিত করতে হাসপাতালের সেবার মানোন্নয়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
এরই ধারাবাহিকতায় গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল পরিদর্শন করেন সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল। এ সময় তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ও স্থান ঘুরে দেখেন এবং চিকিৎসাসেবা, রোগীদের সুযোগ-সুবিধা ও সার্বিক ব্যবস্থাপনার পরিস্থিতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। তিনি হাসপাতালের চিকিৎসক ও সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। পাশাপাশি চিকিৎসাধীন রোগীদের সঙ্গে কথা বলে তাদের চিকিৎসাসেবা, ওষুধপত্র, প্রয়োজনীয় সুযোগ-সুবিধা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অন্যান্য ব্যবস্থাপনার বিষয়েও তিনি সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় সংসদ সদস্য মাসুদ পারভেজ রাসেল বলেন, সরকারি হাসপাতাল সাধারণ মানুষের চিকিৎসাসেবার অন্যতম প্রধান আশ্রয়স্থল। তাই জনগণ যাতে এখান থেকে প্রয়োজনীয় ও মানসম্মত স্বাস্থ্যসেবা পান, তা নিশ্চিত করতে হবে। এ জন্য হাসপাতালের সেবার মানোন্নয়ন, রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করা এবং সার্বিক ব্যবস্থাপনায় নিয়মিত নজরদারি অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি। তিনি আরও বলেন, হাসপাতালের চিকিৎসাসেবা ও রোগীদের সুযোগ-সুবিধার ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম বা অব্যবস্থাপনা যাতে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
হাসপাতাল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. বিদ্যুৎ কুমার বিশ্বাস, জুনিয়ার কনসালটেন্ট ডা. এহসানূল হক তন্ময়, ইসলামি ছাত্রশিবিরের  জেলা সভাপতি  সাগর আহমেদ, সাবেক সভাপতি মহসিন আলী, পৌর জামায়াতের নায়েবে আমির মাহবুব আশিক, সেক্রেটারি  মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের  প্রচার সম্পাদক  মামুন হাওলাদার, সরোজগঞ্জ  বাজার কমিটির সভাপতি মাছুম বিল্লাহ, ইসলামি ছাত্রশিবিরের জেলা অফিস সম্পাদক পারভেজ আলম, জেলা অর্থ সম্পাদক আবু রায়হান ও ইসলামি ছাত্রশিবিরের পৌর সভাপতি রাব্বি  হাসানসহ হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীরাবৃন্দ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।