হিজলগাড়ী প্রতিনিধি
পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে পরিবেশ সচেতনতা সৃষ্টির লক্ষ্যে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর উদ্যোগে চুয়াডাঙ্গায় বৃক্ষ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। প্রতি বছরের ন্যায় গতকাল সোমবার সকাল ১০টার দিকে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা (লিড শাখা)-এর সমন্বয়ে কুষ্টিয়া, মেহেরপুর, হাটগোপালপুর ও সরোজগঞ্জ শাখার যৌথ অংশগ্রহণে চুয়াডাঙ্গা জেলার এম. এ. বারী মাধ্যমিক বিদ্যালয় এবং ডিঙ্গেদহ মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে পৃথকভাবে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচির আওতায় উভয় বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির প্রায় ১,০০০টি মূল্যবান বৃক্ষের চারা বিতরণ করা হয়। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দেওয়ার মাধ্যমে তাদের মধ্যে বৃক্ষরোপণ, পরিবেশ সংরক্ষণ এবং সবুজ পৃথিবী গড়ার বিষয়ে সচেতনতা সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়।
বৃক্ষ বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি, চুয়াডাঙ্গা শাখার ব্যবস্থাপক চৌধুরী মোহাম্মদ শহীদুল্লাহ, উপ-ব্যবস্থাপক মোঃ আব্দুল হামিদ, কুষ্টিয়া শাখার ব্যবস্থাপক মোঃ সাইদুর রহমান, মেহেরপুর শাখার ব্যবস্থাপক মোঃ ওলিয়ার রহমান, হাটগোপালপুর শাখার ব্যবস্থাপক নিয়াজ মোরশেদ চৌধুরী, সরোজগঞ্জ শাখার ব্যবস্থাপক মোহাম্মদ রবিউল ইসলাম এবং রাজ্জাক এন্টারপ্রাইজের স্বত্বাধিকারী জনাব রায়হানুল কবীর রাজু।
এছাড়াও সংশ্লিষ্ট বিদ্যালয়সমূহের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষকবৃন্দ এবং বিপুল সংখ্যক ছাত্র-ছাত্রী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি বাসযোগ্য পৃথিবী নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। শিক্ষার্থীদের মাঝে বৃক্ষের চারা বিতরণের মাধ্যমে তাদেরকে পরিবেশ সংরক্ষণে সম্পৃক্ত করা এবং বৃক্ষরোপণের প্রতি আগ্রহী করে তোলাই এ কর্মসূচির অন্যতম উদ্দেশ্য।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি তার সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে পরিবেশ সংরক্ষণ, শিক্ষা ও জনকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক ও পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসির উদ্যোগে চুয়াডাঙ্গায় গাছের চারা বিতরণ



