পদ্মবিলা প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার সরোজগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৮ গ্রাম গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত তাদের ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও জরিমানা করেছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, গত রবিবার রাত ৯টার দিকে সরোজগঞ্জ ক্যাম্পের ইনচার্জ এসআই মাহফুজ সঙ্গীয় ফোর্স নিয়ে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন। এ সময় কুতুবপুর ইউনিয়নের দত্তাইল গ্রামের ইসানুর রহমানের ছেলে শাহীন (২২) এবং আলমডাঙ্গা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের হোসেন আলীর ছেলে শারজুল (১৯)কে ৮ গ্রাম গাঁজাসহ আটক করা হয়।
আটকের পর তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়। পরে সামারি ট্রায়ালের মাধ্যমে আদালত উভয়কে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ১ হাজার টাকা করে জরিমানা করেন। জরিমানা অনাদায়ে প্রত্যেককে আরও সাত দিনের কারাদণ্ড ভোগ করতে হবে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান ও মাদক নির্মূলে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।
সরোজগঞ্জে গাঁজাসহ দুই যুবক আটক, ৬ মাসের কারাদণ্ড



