কোটচাঁদপুরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে প্রতিবন্ধী যুবক নিহত

ঝিনাইদহ অফিস
ঝিনাইদহের কোটচাঁদপুরে পারিবারিক বিরোধের জেরে চাচাতো ভাইয়ের দায়ের কোপে তবিবর রহমান (৪৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। গতকাল রবিার সকাল সাড়ে ৬টার দিকে উপজেলার মল্লিকপুর গ্রামের সাপমারি মাঠে এ ঘটনা ঘটে। নিহত তবিবর রহমান মল্লিকপুর গ্রামের নবী উদ্দিন মন্ডলের ছেলে। স্থানীয়রা জানান, তিনি দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন।
নিহতের ভাই জিয়ার রহমান জানান, সকালে তবিবর রহমান তাঁদের চাচিকে লাঠি দিয়ে আঘাত করেন। এতে ক্ষিপ্ত হয়ে চাচা গফুর হোসেন এবং চাচাতো ভাই শাকিল হোসেন ও উজির হোসেন তাঁকে লাঠি ও দা নিয়ে ধাওয়া করেন। তবিবর দৌড়ে সাপমারি মাঠে চলে গেলে সেখানে তাঁকে ধরে ফেলা হয়। পরে লাঠি দিয়ে মারধর করে মাটিতে ফেলে দেওয়া হয়। একপর্যায়ে গফুর হোসেন দা দিয়ে তাঁর পেটে আঘাত করলে ঘটনাস্থলেই তবিবর রহমানের মৃত্যু হয়। ঘটনার পর গফুর হোসেন, তাঁর দুই ছেলে শাকিল হোসেন ও উজির হোসেন বাড়ি থেকে পালিয়ে যান বলে জানিয়েছেন স্বজনরা।
প্রতিবেশী শিমুল হোসেন জানান, তবিবর রহমান একসময় ভালো ছাত্র ছিলেন। খেলাধুলাসহ বিভিন্ন কাজে তাঁর দক্ষতা ছিল। বিয়ের পর স্ত্রী চলে যাওয়ার পর থেকে তিনি মানসিকভাবে অসুস্থ হয়ে পড়েন।
নিহতের মামাতো ভাই আব্দুল কুদ্দুস বলেন, তবিবর দীর্ঘ প্রায় ২০ বছর ধরে মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে চাচিকে লাঠি দিয়ে আঘাত করার পর ক্ষিপ্ত হয়ে পরিবারের সদস্যরা তাঁকে ধাওয়া করে। তবে তবিবরকে প্রকৃতপক্ষে গফুর হোসেনের ছেলে শাকিল হোসেন হত্যা করেছেন বলে দাবি করেন তিনি।
কোটচাঁদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ রহমান বলেন, জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনায় জড়িত শাকিল হোসেনকে এখনো আটক করা যায়নি। তাঁকে আটকসহ জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।