আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌরসভার আসন্ন নির্বাচনকে সামনে রেখে বিএনপির মেয়র পদে মনোনয়ন প্রত্যাশী ও উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলুর উদ্যোগে উঠান বৈঠক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার বাদ আছর আলমডাঙ্গা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের গোবিন্দপুর তামালতলা এলাকায় এ সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আলমডাঙ্গা পৌরসভা বিএনপির মনোনয়ন প্রত্যাশী, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শহিদুল কাউনাইন টিলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি বুরহানউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন নজরুল ইসলাম। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ৬ নম্বর ওয়ার্ডের সাবেক সাধারণ সম্পাদক মোবারক হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে শহিদুল কাউনাইন টিলু বলেন, তিনি মেয়র নির্বাচিত হতে পারলে আলমডাঙ্গা পৌরসভার উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবেন। বিশেষ করে ৬ নম্বর ওয়ার্ডসহ পৌরসভার বিভিন্ন এলাকার রাস্তাঘাট, ড্রেনেজ, নাগরিক সেবা ও অন্যান্য উন্নয়নমূলক কর্মকাণ্ড বাস্তবায়নে উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি দেন তিনি। তিনি বলেন, “আমি যদি মেয়র হতে পারি, তাহলে আপনাদের এই এলাকাসহ আলমডাঙ্গা পৌরসভার সার্বিক উন্নয়নে কাজ করব। বিএনপি সরকার ক্ষমতায় থাকায় উন্নয়নমূলক বিভিন্ন বরাদ্দ নিয়ে এসে পৌরসভার মানুষের কল্যাণে কাজ করার সুযোগ থাকবে।” এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে মতবিনিময় করেন এবং পৌর এলাকার উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন। সভায় স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় পৌরসভার মেয়র প্রত্যাশী টিলুর উঠান বৈঠক



