আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই চালক গুরুতর আহত হয়েছেন। আহতদের মধ্যে মুস্তাকিম (১৮) নামে এক যুবকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত সেলিম (৫০) চুয়াডাঙ্গা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে আলমডাঙ্গা উপজেলার বাগাদী সোনা মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতরা হলেন আলমডাঙ্গা উপজেলার খোরদ মসজিদপাড়ার শাহাবুদ্দিনের ছেলে মুস্তাকিম (১৮) এবং মহেশপুর দক্ষিণপাড়ার আক্কাস মোল্লার ছেলে সেলিম (৫০)।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে সেলিম আসমানখালী বাজারে পান বিক্রি শেষে মোটরসাইকেলযোগে বাড়ি ফিরছিলেন। পথে সোনা মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তার মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় মোটরসাইকেলের চালক গুরুতর আহত হন। সংঘর্ষের পর মুস্তাকিম ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক ডাঃ নাসিমুজ্জামান তাদের প্রাথমিক চিকিৎসা দেন।
চিকিৎসক ডাঃ নাসিমুজ্জামান জানান, আহত মুস্তাকিমের শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। অপর আহত সেলিমকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আলমডাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে আহত ২



