মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের স্যাম্পল ও অনুমোদনবিহীন ওষুধ বিক্রির অভিযোগে আলমডাঙ্গায় ৫ ফার্মেসিকে জরিমানা

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা হাইরোড এলাকায় বিভিন্ন ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল এবং অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির দায়ে পাঁচ ফার্মেসি মালিককে মোট ১৮ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। অভিযানে ফার্মেসিগুলোতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, চিকিৎসকের ব্যবহারের জন্য নির্ধারিত স্যাম্পল এবং অনুমোদনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রির প্রমাণ পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালত পৃথকভাবে পাঁচ ফার্মেসি মালিককে অর্থদণ্ড দেন।
জরিমানাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইয়াসিন ফার্মেসিকে ৫ হাজার, লতা ফার্মেসিকে ২ হাজার, মেডিসিন কর্নারকে ৩ হাজার, মন ফার্মেসিকে ৫ হাজার এবং মাসকুরা ফার্মেসিকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সব মিলিয়ে জরিমানার পরিমাণ ১৮ হাজার টাকা।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আলমডাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ এস এম শাহ নেওয়াজ মেহেদী। অভিযানে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা ঔষধ পরিদর্শক ইকরামুল করিম।
এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসি মালিকদের আইন মেনে ওষুধ সংরক্ষণ ও বিক্রির নির্দেশ দেন। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।