দামুড়হুদা অফিস
দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয়করণে ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরদের সঙ্গে গ্রাম আদালত বিষয়ক ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১টায় দামুড়হুদা উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় ‘বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (৩য় পর্যায়)’ প্রকল্পের বাস্তবায়নের অংশ হিসেবে উপজেলার আটটি ইউনিয়ন পরিষদের সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন।
সভাপতির বক্তব্যে ইউএনও লাভলী ইয়াসমিন বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের মামলা গ্রহণ ও নিষ্পত্তির হার বাড়াতে গ্রাম আদালত সম্পর্কে ব্যাপক প্রচার-প্রচারণা চালাতে হবে। সাধারণ মানুষ যাতে অল্প খরচে গ্রাম আদালতে অভিযোগ দায়ের করে দ্রুত আইনি সেবা পেতে পারেন, সে বিষয়ে সংশ্লিষ্টদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি আরো বলেন, ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের ক্ষমতা, আদালত পরিচালনায় সদস্যদের দায়িত্ব ও কর্তব্যসহ গ্রাম আদালতের কার্যক্রম সম্পর্কে সাধারণ মানুষকে অবহিত করতে হবে। এতে স্থানীয় পর্যায়ে বিরোধ নিষ্পত্তির পাশাপাশি আদালতে মামলার চাপও কমবে।
সভায় উপজেলা সমন্বয়কারী শিশির চৌকিদারের সার্বিক পরিচালনায় পাওয়ারপয়েন্ট উপস্থাপনার মাধ্যমে গ্রাম আদালতের কার্যক্রমের বিভিন্ন দিক তুলে ধরা হয়। উপস্থাপিত তথ্য অনুযায়ী, ২০২৬ সালের জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দামুড়হুদা উপজেলার আটটি ইউনিয়নে সরাসরি ৭৭টি মামলা দায়ের হয়েছে। এছাড়া উচ্চ আদালত থেকে ১৫টি মামলা গ্রাম আদালতে প্রেরণ করা হয়েছে।
এ সময়ে গ্রাম আদালতের মাধ্যমে ৩৮টি ফৌজদারি ও ৫৪টি দেওয়ানি মামলা নিষ্পত্তি হয়েছে। নিষ্পত্তি হওয়া মামলাগুলোতে মোট ৫ লাখ ১৪ হাজার টাকা ক্ষতিপূরণ আদায় করা হয়েছে।
সভায় ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা ও হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটররা গ্রাম আদালতের কার্যক্রম পরিচালনা, মামলা গ্রহণ ও নিষ্পত্তিসহ বিভিন্ন বিষয়ে মতামত দেন। পিএফএ শাখার শাহাজুল ইসলাম সমাপনী বক্তব্যের মাধ্যমে সভার কার্যক্রম শেষ করেন।
দামুড়হুদায় গ্রাম আদালত সক্রিয়করণে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত জীবনযাত্রা সহজ করতে কম খরচে দ্রুত বিচারসেবা নিশ্চিতের আহ্বান



