চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসকের প্রত্যাহারের দাবিতে উচ্ছেদ হওয়া ব্যবসায়ীদের বিক্ষোভ মিছিল

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা পৌরসভার প্রশাসককে প্রত্যাহার, ফুটপাতে তারকাঁটা দেওয়া বন্ধ এবং উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসনের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকেল সাড়ে ৪টার দিকে চুয়াডাঙ্গা বড়বাজার হাসান চত্বরে পৌর নাগরিক সমাজের ব্যানারে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে চুয়াডাঙ্গা বড় বাজারের শহীদ হাসান চত্বর থেকে উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীরাও অংশ নেন।
বিক্ষোভ মিছিলটি বড়বাজার থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগান দেন। তাদের দাবির মধ্যে ছিল—‘পৌরসভা প্রশাসকের প্রত্যাহার চাই’, ‘ফুটপাতে তারকাঁটা দেওয়া চলবে না’ এবং ‘উচ্ছেদ হওয়া ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন করতে হবে’।
মিছিল শেষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেন, শহরের ফুটপাত ও সড়কের পাশে ব্যবসা করে জীবিকা নির্বাহকারী ক্ষুদ্র ব্যবসায়ীদের উচ্ছেদের আগে তাদের বিকল্প ব্যবস্থা ও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া প্রয়োজন। ব্যবসায়ীদের পুনর্বাসন না করে উচ্ছেদ করায় তারা পরিবার-পরিজন নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে পড়েছেন বলেও দাবি করেন বক্তারা।
এ সময় পৌর নাগরিক সমাজের নেতৃবৃন্দ, ক্ষুদ্র ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সমাবেশে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্য সচিব আলমগীর হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
বিক্ষোভকারীরা দ্রুত তাদের দাবিগুলো বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান। অন্যথায় পরবর্তীতে আরও কঠোর  কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারি দেন ।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।