দামুড়হুদা পাইলট গার্লস স্কুলে অভিভাবক সমাবেশ প্রাক-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজে অভিভাবক সমাবেশ ও ২০২৬ সালের প্রাক্-নির্বাচনি পরীক্ষার ফল প্রকাশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকাল ১১টার দিকে বিদ্যালয়ের অডিটোরিয়াম হলে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লাভলী ইয়াসমিন। শিক্ষকদের উদ্দেশে তিনি বলেন, কোনো শিক্ষার্থী কোনো শিক্ষকের কাছে প্রাইভেট পড়লে তাকে বেশি নম্বর দেওয়া এবং অন্য শিক্ষার্থীরা ভালো ফল করলেও তাদের যথাযথ নম্বর না দেওয়ার অভিযোগ অত্যন্ত দুঃখজনক। কোনো শিক্ষার্থীর মধ্যে ‘প্রাইভেট না পড়লে কম নম্বর দেওয়া হবে’—এমন ধারণা তৈরি হওয়া শিক্ষাব্যবস্থার জন্য লজ্জাজনক। তিনি শিক্ষার্থীদের মেধা ও যোগ্যতার ভিত্তিতে ন্যায়সংগতভাবে মূল্যায়নের আহ্বান জানান।
সভায় শিক্ষার্থীদের লেখাপড়ার মানোন্নয়ন, নিয়মিত পাঠদান, পরীক্ষার ফলাফল এবং শিক্ষার্থীদের প্রতি অভিভাবকদের করণীয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
দামুড়হুদা পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক ফাহমিদা রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল হাসান তনু, দামুড়হুদা প্রেসক্লাবের সভাপতি শামসুজ্জোহা পলাশ ও বাংলাদেশ সাংবাদিক সমিতির দামুড়হুদা শাখার সভাপতি হাফিজুর রহমান কাজল।
অনুষ্ঠান পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মিরাজুল ইসলাম। এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে ২০২৬ সালের প্রাক্-নির্বাচনি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। পরে পরীক্ষায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারী শিক্ষার্থীদের পুরস্কৃত করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।