দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় দস্যুতা মামলায় শরিফুল ইসলাম শরিফ (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে দামুড়হুদা মডেল থানা পুলিশ। গতকাল বৃহস্পতিবার উপজেলার বড় দুধপাতিলা গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার শরিফুল ইসলাম শরিফ বড় দুধপাতিলা গ্রামের মৃত জামাত আলীর ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিনের তত্ত্বাবধানে এসআই সিয়াবুল ইসলামের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার শরিফুলের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
পুলিশ জানায়, শরিফুল ইসলাম দামুড়হুদা মডেল থানার মামলা নম্বর-০৭, তারিখ ১৮ মে ২০২৫, দণ্ডবিধির ৩৯৮ ধারায় দায়ের করা দস্যুতা মামলার তদন্তে প্রাপ্ত সন্দেহভাজন আসামি। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে চুয়াডাঙ্গার বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে একজন সন্দেহভাজন আসামিকে গ্রেফতার করে আদালতে সোপর্দ করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে মাদক, অবৈধ অস্ত্র, দস্যুতা, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের আইনের আওতায় আনতে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চলবে।
দামুড়হুদায় দস্যুতা মামলায় সন্দেহভাজন আসামি গ্রেফতার



