তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা ও কুশল বিনিময়ে এমপি রুহুল আমিন প্রতিটি ইউনিয়নে একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণ করা হবে

নিশান মিয়া, তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা-২ আসনের সংসদ সদস্য রুহুল আমিন চুয়াডাঙ্গা সদর উপজেলার তিতুদহ ইউনিয়নের বিভিন্ন গ্রামে পথসভা, গণসংযোগ ও সাধারণ মানুষের সঙ্গে কুশল বিনিময় করেছেন। গতকাল বুধবার বিকেল ৪ টার থেকে তিনি নেতাকর্মীদের সঙ্গে নিয়ে ইউনিয়নের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও পথসভায় অংশ নেন। এ সময় স্থানীয় বাসিন্দারা তাঁকে ফুলেল শুভেচ্ছা জানান এবং এলাকার বিভিন্ন সমস্যা, উন্নয়ন ও সম্ভাবনার বিষয় নিয়ে মতবিনিময় করেন।
তিতুদহ বাজারে আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এমপি রুহুল আমিন বলেন, আপনাদের মূল্যবান ভোটে আমি সংসদ সদস্য নির্বাচিত হয়েছি। আপনাদের এই ঋণ কখনো শোধ হওয়ার নয়। আমি সবসময় আমার নির্বাচনী এলাকার মানুষের সেবায় নিয়োজিত ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ। ক্রীড়া উন্নয়নের বিষয়ে এমপি রুহুল আমিন বলেন, প্রতিটি ইউনিয়নে প্রায় ৮ বিঘা জমির ওপর একটি করে মিনি স্টেডিয়াম নির্মাণের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এসব মিনি স্টেডিয়াম নির্মিত হলে শিশু-কিশোর ও তরুণরা নিয়মিত খেলাধুলার সুযোগ পাবে। এতে তারা মাদকসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে থাকতে উৎসাহিত হবে। এলাকার যোগাযোগব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে মহাসড়ক সম্প্রসারণ করে ৩৪ ফুট প্রশস্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি। পাশাপাশি ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের অংশ হিসেবে প্রতিটি ওয়ার্ডে একটি করে মসজিদ ও একটি করে মন্দিরে সরকারি অনুদান দেওয়ার কথা উল্লেখ করেন। মেধাবী শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে শিক্ষা প্রতিষ্ঠানে যাতায়াত করতে পারবে এবং শিক্ষার প্রতি তাদের আগ্রহ আরও বাড়বে।
পথসভা ও গণসংযোগকালে এমপি রুহুল আমিন স্থানীয় মানুষের বিভিন্ন সমস্যার কথা শোনেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন। এ সময় তিতুদহ ইউনিয়ন জামায়াতে ইসলামী আমির রাফিজ মাষ্টার, সাধারণ সম্পাদক মাহাবুব রহমান, জামায়াতে নেতা লিটন, তরিকুল, দেলোয়ার, আশরাফুল তিতুদহ ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি এবং বিপুলসংখ্যক সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।