জীবননগর পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়া মীরা খাতুনের অশ্রুসিক্ত বিদায়

জীবননগর অফিস
দীর্ঘ ৪৭ বছরের কর্মজীবনের ইতি টেনে অশ্রুসিক্ত বিদায় নিলেন জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়া মীরা খাতুন। দীর্ঘদিনের কর্মস্থল থেকে বিদায়ের মুহূর্তে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয় বিদ্যালয়জুড়ে। গতকাল মঙ্গলবার দুপুর ১২টার দিকে বিদ্যালয়ের অফিস কক্ষে মীরা খাতুনের অবসরজনিত বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।
মীরা খাতুন ১৯৭৯ সালে জীবননগর থানা সরকারি পাইলট মাধ্যমিক বালিকা বিদ্যালয়ে যোগদান করেন। দীর্ঘ ৪৭ বছর নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন শেষে ২০২৬ সালের ১১ আগস্ট তাঁর কর্মজীবনের সমাপ্তি ঘটে। তিনি জীবননগর পৌরসভার ৪ নম্বর ওয়ার্ডের দৌলতগঞ্জ পাড়ার বাসিন্দা।
বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষক যাদব কুমার পরামানিকের সভাপতিত্বে শিক্ষক-কর্মচারীরা মীরা খাতুনের দীর্ঘ কর্মজীবনের বিভিন্ন দিক স্মৃতিচারণ করেন। এ সময় বক্তারা তাঁর আন্তরিকতা, নিষ্ঠা, দায়িত্বশীলতা এবং শিক্ষক-কর্মচারীদের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্কের কথা তুলে ধরেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক গাজী মমিন উদ্দিন, সহকারী শিক্ষক রেজাউল ইসলাম, মিজানুর রহমান, ইউসুফ আলী, হাসিবুল ইসলাম, মোস্তাক হোসেন, কবীর হোসেন, ইসরাফিল হোসেন, আসাদুজ্জামান, নুরুজ্জামান, সেলিনা বানু, রুনা লায়লা, শাহনাজ খাতুনসহ বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীরা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-কর্মচারীদের পক্ষ থেকে মীরা খাতুনকে ফুলেল শুভেচ্ছা ও উপহার প্রদান করা হয়। এ সময় অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন। পরে শিক্ষক-কর্মচারীরা তাঁকে মাইক্রোবাসযোগে তাঁর বাসায় পৌঁছে দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।