দর্শনা অফিস
দর্শনা থানা পুলিশের পৃথক মাদকবিরোধী অভিযানে দুই মাদক ব্যবসায়ী ও এক মাদকসেবীকে আটক করা হয়েছে। পরে তাদের সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়ালের জন্য সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালত বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করেন।
পুলিশ জানায়, গতকাল দিবাগত রাত রাত ১২টা ৫ মিনিটের দিকে দর্শনা থানার এসআই (নিঃ) শেখ শাহীদুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে দর্শনা থানাধীন দোস্ত গ্রামের আমতলা মোড় এলাকায় পাকা সড়কের ওপর অভিযান পরিচালনা করেন। এ সময় মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা দক্ষিণ চাঁদপুর গ্রামের মৃত মতিয়ার রহমানের ছেলে জিনারুল হক (২৮) কে আটক করা হয়। তার হেফাজত থেকে ১০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
এরপর রাত ২টার দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের প্লাটফর্মসংলগ্ন টাওয়ারপাড়ায় পলানের বাড়ির পেছনের সড়কে অভিযান চালান। সেখানে মাদক ক্রয়-বিক্রয়ের জন্য অবস্থান করা হল্ট চাঁদপুর পাওয়াপাড়া এলাকার শাহজাহানের ছেলে ওয়াসিম (৩০)কে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে পুলিশ।
অপর দিকে দক্ষিণ চাঁদপুর গ্রামের টাওয়ারপাড়া রেললাইনের ওপর মাদক সেবনের অভিযোগে অভিযান চালিয়ে আশকারপাড়া এলাকার মৃত হামিদুল হকের ছেলে হাসানুজ্জামান জাহিদ (৩০)কে আটক করা হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে ডোপ টেস্ট করানো হলে পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে।
আদালতে হাজির করা হলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটের সংক্ষিপ্ত বিচারে জিনারুল হককে এক বছর ছয় মাসের কারাদণ্ড এবং পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড প্রদান করেন।
এছাড়া ওয়াসিমকে ছয় মাসের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাসের কারাদণ্ড দেওয়া হয়। মাদক সেবনের দায়ে হাসানুজ্জামান জাহিদকে তিন মাসের কারাদণ্ড ও তিন হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন আদালত। রায় ঘোষণার পর সাজাপ্রাপ্তদের আইনানুগ প্রক্রিয়ায় কারাগারে পাঠানো হয়েছে। মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে দর্শনা থানা পুলিশ।
দর্শনায় পুলিশের পৃথক অভিযানে তিনজন আটক



