আলমডাঙ্গার এরশাদপুর একাডেমিতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে বিদ্যালয় প্রাঙ্গণে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।  
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আলমডাঙ্গা পৌরসভার মেয়র প্রার্থী মো. হাসিবুল হক (লিপু)। তিনি নিজস্ব অর্থায়নে আলমডাঙ্গা পৌর এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে বৃক্ষরোপণ ও শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়নের উদ্যোগ নিয়েছেন। এরই ধারাবাহিকতায় এরশাদপুর একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফজলুল হক শামীম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
প্রধান অতিথি মো. হাসিবুল হক (লিপু) বলেন, একটি গাছ, একটি প্রাণ, একটি ভবিষ্যৎ” এই প্রতিপাদ্য বাস্তবায়নে সবাইকে বৃক্ষরোপণে এগিয়ে আসতে হবে। ঘোষিত “ন্যাশনাল গ্রীন মিশন” কর্মসূচির আওতায় আগামী পাঁচ বছরে সারাদেশে ২৫ কোটি গাছের চারা রোপণের লক্ষ্য বাস্তবায়নে সাধারণ মানুষের পাশাপাশি শিক্ষার্থীদেরও সম্পৃক্ত করা জরুরি। এ লক্ষ্যেই শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক এ কর্মসূচি গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয় এবং প্রতীকী বৃক্ষরোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন মোঃ রাশেদুল ইসলাম, খন্দকার আব্দুল কাদির, মোঃ আবু সায়েম লিপু, মোঃ আসাদুজ্জামান বাবু, হুমায়ুন চৌধুরী, মোঃ আব্দুস সামাদ, মুকুল, আলমসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।