আলমডাঙ্গার রথতলায় ৪৮ প্রহরব্যাপী ৯৩তম সার্বজনীন মহানামযজ্ঞের উদ্বোধন

আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা পৌর এলাকার ঐতিহ্যবাহী কেন্দ্রীয় রথতলা শ্রী শ্রী দুর্গা মন্দির প্রাঙ্গণে উৎসবমুখর পরিবেশে শুরু হয়েছে ৯৩তম বার্ষিক রথতলা সার্বজনীন মহানামযজ্ঞ। শুক্রবার রাত সাড়ে ১০টায় উদ্বোধনের মধ্য দিয়ে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম সংকীর্তনের আনুষ্ঠানিক সূচনা হয়। উদ্বোধনের পর থেকেই কীর্তনাঙ্গন ভক্তদের পদচারণায় মুখর হয়ে ওঠে। যুগাবতার শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর প্রবর্তিত মহানাম সংকীর্তনের ধারাবাহিকতায় ধর্মীয় ভাবগাম্ভীর্য, ভক্তি ও সম্প্রীতির আবহে শুরু হয় এ আয়োজন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে মহানামযজ্ঞের উদ্বোধন করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ শরীফুজ্জামান শরীফ। বিশেষ অতিথি ছিলেন প্রবাসী ব্যবসায়ী, আলমডাঙ্গা উপজেলা বিএনপির নেতা ও পৌর মেয়র পদপ্রার্থী মোহাম্মদ হাসিবুল হক লিপু।
এছাড়া উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনি, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি আক্তার হোসেন জোয়ার্দ্দার, পৌর বিএনপির সভাপতি আজিজুর রহমান পিন্টুসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ, মহানামযজ্ঞ উদযাপন কমিটির সদস্য, সনাতন ধর্মাবলম্বী ভক্ত এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আয়োজকরা জানান, গতকাল শনিবার সূর্যোদয়ের পর আনুষ্ঠানিকভাবে ৪৮ প্রহরব্যাপী অখণ্ড মহানাম সংকীর্তন শুরু হয়েছে, যা আগামী ৬ আগস্ট পর্যন্ত চলবে। প্রতিদিন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত কীর্তন দল নামসংকীর্তন পরিবেশন করবে। পাশাপাশি ধর্মীয় আলোচনা, প্রার্থনা ও প্রসাদ বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হবে।
উদযাপন কমিটির সভাপতি বিজয় কুমার মোদি বলেন, “মহানামযজ্ঞ শুধু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়; এটি ভক্তি, সম্প্রীতি, মানবিক মূল্যবোধ ও সামাজিক মিলনের এক অনন্য উৎসব। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে এই মহাযজ্ঞে অংশ নিয়ে শান্তি ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেওয়ার আহ্বান জানাই।”
মহানামযজ্ঞে সেবায় রয়েছেন শ্রীমৎ সদানন্দ দাস ব্রহ্মচারী। উদযাপন কমিটির সাধারণ সম্পাদক ডা. রমাকুমার বিশ্বাস, সাংগঠনিক সম্পাদক কালু ঘোষ, বীর মুক্তিযোদ্ধা মনীন্দ্রনাথ দত্ত এবং সদস্যদের মধ্যে সুশীল কুমার ভৌতিকা, বিশ্বজিৎ সাধুখা, পলাশ আচার্য, তপন বিশ্বাস, বিদ্যুৎ কুমার সাহা, পিন্টু আগরওয়ালা ও উত্তম দেবনাথসহ স্থানীয় সুধীজন উপস্থিত ছিলেন।
স্থানীয় ভক্তরা জানান, প্রতিবছরের মতো এবারও হাজারো ধর্মপ্রাণ মানুষের উপস্থিতিতে রথতলা মন্দির প্রাঙ্গণ উৎসবের রঙে সেজে উঠেছে। দূর-দূরান্ত থেকে আগত ভক্তদের অংশগ্রহণে পুরো এলাকায় বিরাজ করছে আনন্দঘন ও ধর্মীয় আবহ। আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় প্রশাসনের পাশাপাশি স্বেচ্ছাসেবকরাও দায়িত্ব পালন করছেন।
সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, মহানাম সংকীর্তন মানুষের আত্মিক শান্তি, পারস্পরিক সম্প্রীতি ও সামাজিক সৌহার্দ্য সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই বিশ্বাসকে ধারণ করেই আলমডাঙ্গার শতবর্ষের ঐতিহ্যবাহী এই মহানামযজ্ঞ প্রতি বছর ভক্তদের মিলনমেলায় পরিণত হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।