মেহেরপুর অফিস
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে গণহত্যার বিচার, জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং শহীদদের স্মরণে মেহেরপুরের গাংনীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। গতকাল শনিবার বিকালে গাংনী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে গাংনী বাসস্ট্যান্ড চত্বরে সমাবেশের মাধ্যমে কর্মসূচি শেষ হয়।
সমাবেশে সভাপতির বক্তব্যে গাংনী উপজেলা জামায়াতের আমির রবিউল ইসলাম বলেন, জুলাইয়ের গণরায়ে জনগণের ৭০ শতাংশ ভোটের মাধ্যমে ইনসাফভিত্তিক কল্যাণমূলক রাষ্ট্র গঠনের পক্ষে মত দেওয়া হয়েছে। কিন্তু সেই রায় বাস্তবায়ন করা হয়নি। তিনি আরও বলেন, বিগত ১৭ বছর যে সরকার বাংলাদেশ জামায়াতে ইসলামীর সঙ্গে পারেনি, রায় বাস্তবায়ন করে সঠিক গণতন্ত্র ফিরিয়ে আনুন, নচেৎ পূর্বের সরকার দিল্লিতে জায়গা পেয়েছে, আপনারা বঙ্গোপসাগরেও জায়গা পাবেন না।
সমাবেশে আরও বক্তব্য দেন জেলা শূরা সদস্য মাওলানা আব্দুল মজিদ, মাওলানা আব্দুর রহমান, পৌর জামায়াতের আমির আহসানুল হক, পৌর জামায়াতের সেক্রেটারি ওয়াস কুরুনী জামিল এবং বায়তুল মাল সম্পাদক জিল্লুর রহমান।
বক্তারা জুলাই গণঅভ্যুত্থানে নিহতদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং আহতদের প্রতি সমবেদনা জানান। তারা গণহত্যার সঙ্গে জড়িতদের দ্রুত ও নিরপেক্ষ বিচারের দাবি জানান। পাশাপাশি জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়নের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের আহ্বান জানান। কর্মসূচিতে উপজেলা ও বিভিন্ন ইউনিয়ন জামায়াতের আমির, সেক্রেটারিসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশ নেন।
জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন ও গণহত্যার বিচারের দাবিতে গাংনীতে জামায়াতের বিক্ষোভ সমাবেশ



