দামুড়হুদা অফিস
জীবনের সূচনায় মাতৃদুগ্ধ পান, টেকসই উদ্যোগ করি বেগবান এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ-২০২৬ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার সকাল সাড়ে ১০টায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আয়োজনে এবং জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কর্মসূচির শুরুতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সের অভ্যন্তরীণ সড়ক প্রদক্ষিণ করে। পরে হাসপাতালের সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মশিউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন। বিশেষ অতিথি ছিলেন আবাসিক মেডিকেল কর্মকর্তা (আরএমও) ডা. মহিব্বুল্লাহ এবং দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ শেখ মেসবাহ উদ্দিন।
এমওডিসি ডা. আলমগীর হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাস্থ্য কমপ্লেক্সের সিনিয়র স্টাফ নার্স, কর্মকর্তা-কর্মচারী, কমিউনিটি স্বাস্থ্যকর্মী এবং সেবাগ্রহীতারা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা মাতৃদুগ্ধের গুরুত্ব, নবজাতকের সুস্থ বৃদ্ধি ও বিকাশে মায়ের দুধের অপরিহার্যতা এবং জন্মের পর প্রথম ছয় মাস শিশুকে শুধু মায়ের দুধ খাওয়ানোর উপকারিতা তুলে ধরেন। তারা মাতৃদুগ্ধ পান নিশ্চিত করতে পরিবার, সমাজ এবং সংশ্লিষ্ট সকলকে আরও সচেতন ও সহযোগিতাপূর্ণ ভূমিকা পালনের আহ্বান জানান।
দামুড়হুদায় বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত



