স্টাফ রিপোর্টার
দর্শনার পারকেষ্টপুর সীমান্তে সোনারবারসহ এক পাচারকারীকে আটক করা হয়েছে। আটক পাচারকারী রবিউল ইসলাম (৩৪) চুয়াডাঙ্গার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। তার পিতার নাম আহমেদ আলী বিশ্বাস। গতকাল শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে চুয়াডাঙ্গা-৬ বিজিবির অভিযানে বিপুল পরিমাণে এ সোনা উদ্ধার করা হয় । অভিযানে ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা মূল্যের ৬ কেজি ৯৬৮ গ্রাম ওজনের ৩৯ পিস সোনার বার উদ্ধার করা হয়েছে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ নাজমুল হাসান গতকাল শনিবার রাত ৮ টার দিকে গণমাধ্যমে পাঠানো এক প্রেসবিজ্ঞপ্তিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে জেলার দর্শনা থানার পারকেষ্টপুর সীমান্ত এলাকা দিয়ে ভারতে বিপুল পরিমাণ স্বর্ণ পাচার হতে পারে। এ তথ্যের ভিত্তিতে ৬ বিজিবির একটি টহল দল গোপনে ওই এলাকায় অবস্থান করে। শনিবার বিকাল সাড়ে ৪ টার দিকে সীমান্তের ৭৮ নং মেইন পিলারের নিকট দিয়ে এক ব্যক্তি মোটরসাইকেল করে যাচ্ছিল। এ সময় বিজিবি তাকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে বিভিন্ন আকারের ৩৯ পিস সোনার বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সোনার ওজন ৬ কেজি ৯৬৮ গ্রাম। যার আনুমানিক বাজারমূল্য ১৩ কোটি ৩২ লাখ ৬৩ হাজার টাকা।
এছাড়াও আটক ব্যক্তির কাছ থেকে একটি মোটরসাইকেল, একটি বাটন মোবাইল ফোন ও নগদ ১৪০ টাকা উদ্ধার করা হয়েছে। আটক মোঃ রবিউল ইসলাম (৩৪) দামুড়হুদা উপজেলার ছয়ঘরিয়া গ্রামের বাসিন্দা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে উদ্ধারকৃত সোনাগুলো ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া হচ্ছিল বলে তিনি স্বীকার করেন। আইনী প্রক্রিয়া শেষে আটক সোনা পাচারকারী রবিউলকে দর্শনা থানায় হস্তান্তর এবং উদ্ধারকৃত সোনার বার চুয়াডাঙ্গা ট্রেজারি অফিসে জমা দেওয়া হবে।
দর্শনার পারকেষ্টপুর সীমান্ত থেকে ১৩ কোটি টাকা মূল্যের ৭ কেজি সোনার বারসহ ১ পাচারকারী আটক



