দর্শনা অফিস
দর্শনা-পরানপুর সড়কের চটকাতলা এলাকায় রাস্তার পাশের শতবর্ষী কড়ই গাছের শুকনো ডাল ভেঙে দূর্ঘটনার আশঙ্কা
করছেন পথচারীরা। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে গাছগুলোর শুকনো ডাল অপসারণ না করায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে।
মহাসিন নামের স্থানীয় এক ব্যাক্তি জানান, ব্রিটিশ আমলে দর্শনা-পরানপুর সড়কের পাশে রোপণ করা নয়টি কড়ই গাছ এখনও দাঁড়িয়ে রয়েছে। তবে বয়সের কারণে গাছগুলোর বেশ কয়েকটি বড় ডাল শুকিয়ে গেছে। মাঝেমধ্যেই এসব শুকনো ডাল ভেঙে সড়কে পড়ে আতঙ্কের সৃষ্টি করছে। সম্প্রতি একটি বড় শুকনো ডাল ভেঙে স্থানীয় ব্যবসায়ী ইসরাফিল হোসেনের চায়ের দোকানের ওপর পড়ে। সে সময় দোকানে লোকজন থাকলেও, অল্পের জন্য বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় দোকানী। এরপরও প্রায়ই ছোট-বড় শুকনো ডাল ভেঙে পড়ার ঘটনা ঘটছে।
দর্শনা-পরানপুর সড়কটি উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক। এ পথ দিয়ে প্রতিদিন দর্শনা থানা, পৌরসভা, সরকারি কলেজ, সরকারি বালিকা বিদ্যালয়, পুরাতন বাজারসহ বিভিন্ন এলাকায় যাতায়াত করেন হাজারো মানুষ। ফলে ঝুঁকিপূর্ণ গাছগুলো দ্রুত ছাঁটাই বা শুকনো ডাল অপসারণের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। এ বিষয়ে এলাকাবাসী চুয়াডাঙ্গা জেলা পরিষদে লিখিত আবেদন করেছেন। জেলা পরিষদের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করে ঝুঁকিপূর্ণ গাছগুলো চিহ্নিত করলেও এখনো কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি।
চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রধান প্রকৌশলী মুকুল মিত্র বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। ঝুঁকিপূর্ণ শুকনো ডাল অপসারণে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। এক সপ্তাহের মধ্যে কাজ শুরু করার চেষ্টা চলছে।
দর্শনা চটকাতলায় ঝুঁকিপূর্ণ শতবর্ষী কড়ই গাছের শুকনো ডাল ভেঙ্গে দূর্ঘটনার আশঙ্কা



