আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, চুরি প্রতিরোধ, কিশোর অপরাধ দমন, যানজট নিরসন, বাজার ব্যবস্থাপনা এবং জননিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়। গতকাল সোমবার সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীনুর আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মাসুদ পারভেজ রাসেল।
প্রধান অতিথির বক্তব্যে পারভেজ রাসেল বলেন, উপজেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি এবং রাজনৈতিক নেতৃবৃন্দকে সমন্বিতভাবে কাজ করতে হবে। তিনি মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও অন্যান্য সামাজিক অপরাধ প্রতিরোধে সংশ্লিষ্ট সবাইকে আরও সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান।
সভায় উপস্থিত ছিলেন, আলমডাঙ্গা থানার পুলিশ পরিদর্শক হোসেন আলী, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদ হোসেন পলাশ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. এস. এম. মাহামুদুল হক, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. মোছা. সুমী খাতুন, আলমডাঙ্গা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন জোয়ার্দার, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রোকন এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মামুন রেজা।
এছাড়াও সভায় বাড়াদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তবারক হোসেন, হারদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আশিকুর রহমান ওল্টু, নাগদাহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইমতিয়াজ আহমেদ বিপুল, জেহালা, কুমারী, কালিদাসপুর ও গাংনি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
আলমডাঙ্গায় আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত



