তিতুদহ প্রতিনিধি
চুয়াডাঙ্গা সদর উপজেলার গড়াইটুপি ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা তহবিলের বরাদ্দ থেকে প্রান্তিক কৃষকদের মাঝে কৃষিকাজে ব্যবহারের জন্য স্প্রে মেশিন এবং ইউনিয়নের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা সদর উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তিথি মিত্র।
প্রধান অতিথির বক্তব্যে ইউএনও তিথি মিত্র বলেন, বর্তমান সরকারের লক্ষ্য কৃষিকে আরও আধুনিক ও উৎপাদনমুখী করা। কৃষকদের প্রয়োজনীয় কৃষি উপকরণ সরবরাহ করা হলে তারা কম খরচে অধিক উৎপাদন করতে পারবেন। একই সঙ্গে শিক্ষার্থীদের মেধা ও শারীরিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। তাই শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণের মাধ্যমে শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করার এ উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচির সুফল যেন প্রকৃত উপকারভোগীদের কাছে পৌঁছায়, সে বিষয়ে প্রশাসন আন্তরিকভাবে কাজ করছে। কৃষক ও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে ইউনিয়নের বিভিন্ন গ্রামের প্রান্তিক কৃষকদের হাতে উন্নতমানের স্প্রে মেশিন তুলে দেওয়া হয়। উপকারভোগী কৃষক শামীম হোসেন বলেন, স্প্রে মেশিন ব্যবহারের মাধ্যমে কীটনাশক ও বালাইনাশক প্রয়োগ সহজ হবে, সময় ও শ্রম সাশ্রয়ের পাশাপাশি কৃষি উৎপাদনও বৃদ্ধি পাবে।
এছাড়া ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে ফুটবল, ক্রিকেট, ভলিবলসহ বিভিন্ন ধরনের ক্রীড়া সামগ্রী তুলে দেওয়া হয়। শিক্ষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, নিয়মিত খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি শৃঙ্খলা, নেতৃত্বের গুণাবলি এবং দলগত চেতনা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, কৃষক, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে প্রধান অতিথি ইউএনও তিথি মিত্র উপকারভোগী কৃষক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের হাতে স্প্রে মেশিন ও ক্রীড়া সামগ্রী আনুষ্ঠানিকভাবে তুলে দেন। স্থানীয়রা এ উদ্যোগকে সরকারের জনবান্ধব উন্নয়ন কার্যক্রমের অংশ হিসেবে উল্লেখ করে ভবিষ্যতেও এ ধরনের সহায়তা অব্যাহত রাখার দাবি জানান।
গড়াইটুপিতে কৃষকদের স্প্রে মেশিন ও শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী বিতরণ



