খয়েরহুদায় দুর্ঘটনায় নিহত কৃষক শরিফুলের পরিবারকে ২৫ হাজার টাকার অনুদান প্রদান

জীবননগর অফিস
জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের খয়েরহুদা গ্রামে গাছের ডাল কাটতে গিয়ে দুর্ঘটনায় নিহত কৃষক শরিফুল ইসলামের পরিবারের পাশে দাঁড়িয়েছে জীবননগর উপজেলা নির্বাহী অফিসার সুমাইয়া সুলতানা এ্যানি।
দুর্ঘটনায় নিহত শরিফুল ইসলামের পরিবারের সহায়তার জন্য জেলা প্রশাসক, চুয়াডাঙ্গা মহোদয়ের কার্যালয় থেকে বরাদ্দকৃত জিআর (এজ) ক্যাশ বাবদ ২৫ হাজার টাকা নিহতের স্ত্রী শিরিনা খাতুনের হাতে তুলে দেওয়া হয়েছে।
জীবননগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুমাইয়া সুলতানা এ্যানি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ সহায়তার অর্থ আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান এবং সরকারের পক্ষ থেকে মানবিক সহায়তা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।
উল্লেখ্য, গত রবিবার খয়েরহুদা গ্রামের দক্ষিণ মাঠে একটি গাছের ডাল কাটার সময় অসাবধানতাবশত নিচে পড়ে গিয়ে গুরুতর আহত হন শরিফুল ইসলাম (৫৫)। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহতের পরিবারের সদস্যরা এ মানবিক সহায়তার জন্য জেলা প্রশাসন ও উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।