কৃষকের দোরগোড়ায় সার নিশ্চিতকরণে চুয়াডাঙ্গায় ডিলারদের সঙ্গে মতবিনিময়

স্টাফ রিপোর্টার
কৃষকদের দোরগোড়ায় নির্বিঘ্নে রাসায়নিক সার সরবরাহ নিশ্চিত করতে চুয়াডাঙ্গায় সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্রের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক লুৎফুন নাহার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী এবং বিএডিসি কুষ্টিয়ার যুগ্ম পরিচালক ওসমান গনী। সভা পরিচালনা করেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মাসুদুর রহমান সরকার।
উন্মুক্ত আলোচনায় সার ডিলাররা অভিযোগ করেন, কৃষকদের চাহিদার তুলনায় কম বরাদ্দ পাওয়ায় বিতরণে বিশৃঙ্খলা সৃষ্টি হচ্ছে। অতিরিক্ত সার ব্যবহার, রাজনৈতিক প্রভাব, মাদকসেবীদের উৎপাত এবং অনিয়মের কারণেও সুষ্ঠু বিতরণ ব্যাহত হচ্ছে। তারা কৃষি জমির পরিমাণ অনুযায়ী সার বরাদ্দ বাড়ানোর দাবি জানান। এসময় জেলা পরিষদের প্রশাসক শরিফুজ্জামান শরীফ বলেন, কৃষি খাতের জন্য বরাদ্দকৃত কিছু সার অন্য খাতে ব্যবহৃত হওয়ায় প্রকৃত কৃষক বঞ্চিত হচ্ছেন। তিনি জৈব সারের ব্যবহার বাড়ানোর পাশাপাশি ইউনিয়ন ভিত্তিক ডিলারদের নিজ নিজ এলাকায় ব্যবসা পরিচালনার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, কৃষকদের জন্য কৃষি কার্ড চালুর মাধ্যমে জমির পরিমাণ অনুযায়ী সুষম সার বরাদ্দ নিশ্চিত করা হবে। লাইসেন্সধারী ডিলারদের নিজ ইউনিয়নেই সার বিক্রি করতে হবে এবং আগামী তিন দিনের মধ্যে এ নির্দেশনা বাস্তবায়নের নির্দেশ দেওয়া হয়েছে। তিনি সারের কালোবাজারি ও পাচার রোধ, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহার কমানো এবং জৈব সারের ব্যবহার বাড়াতে সংশ্লিষ্টদের একযোগে কাজ করার আহ্বান জানান। সভায় আরো উপস্থিত ছিলেন বিসিআইসি ও বিএডিসির সার ডিলার, কৃষি বিভাগের কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা এবং কৃষক।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।