রথযাত্রা উপলক্ষে চুয়াডাঙ্গায় জেলা পুলিশের মত বিনিময় সভাশান্তিপূর্ণ উৎসব উদযাপনে সর্বোচ্চ নিরাপত্তার আশ্বাস

স্টাফ রিপোর্টার
সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব রথযাত্রা শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করতে চুয়াডাঙ্গা জেলা পুলিশের উদ্যোগে বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় চুয়াডাঙ্গা পুলিশ সুপারের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায়  সভাপতিত্ব করেন পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান।
সভায় রথযাত্রাকে কেন্দ্র করে জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, নিরাপত্তা ব্যবস্থা, শোভাযাত্রার রুট ব্যবস্থাপনা, যান চলাচল নিয়ন্ত্রণ এবং নির্বিঘ্নে ধর্মীয় উৎসব উদযাপনের লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। সভাপতির বক্তব্যে পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান বলেন, রথযাত্রা উৎসব ধর্মীয় ভাবগাম্ভীর্য, আনন্দ ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে উদযাপনের লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। রথযাত্রার নির্ধারিত রুটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, বিশেষ ট্রাফিক ব্যবস্থাপনা, নিয়মিত টহল কার্যক্রম এবং সিসিটিভির মাধ্যমে সার্বক্ষণিক নজরদারির ব্যবস্থা থাকবে।
পুলিশ সুপার আরো বলেন, যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা, নাশকতার চেষ্টা কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর অপচেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে। এ বিষয়ে জেলা পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। সভায় উপস্থিত বিভিন্ন মন্দির ও পূজা উদযাপন কমিটির সভাপতি-সাধারণ সম্পাদক, রথযাত্রা আয়োজন কমিটির নেতৃবৃন্দ এবং সনাতন হিন্দু সম্প্রদায়ের প্রতিনিধিরা জেলা পুলিশের সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানান। তারা রথযাত্রা সুষ্ঠু, শান্তিপূর্ণ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।