চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবসে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

স্টাফ রিপোর্টার
‘তারুণ্যের আশা-আকাংখা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিত হয়েছে। রবিবার বেলা ৩ টায় চুয়াডাঙ্গা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে এ দিবসটি পালিত হয়। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের উপপরিচালক দীপক কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী।  
পরিবার পরিকল্পনা কর্মকর্তা লতিকা ইয়াসমিন লতার সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জেলা পরিবার পরিকল্পনা অফিসের অফিস সহকারী তুষাউর রহমান ও গীতা থেকে পাঠ করেন পরিবার পরিকল্পনা পরিদর্শক বিপ্লব কুমার রায়। পরে সম্মেলন কক্ষে একটি প্রেজেন্টেশন উপস্থাপন করা হয়।
আলোচনা সভায় জানানো হয়, প্রতি বছর ১১ জুলাই বিশ্ব জনসংখ্যা দিবসটি পালিত হয়। ১৯৮৯ সালে জাতিসংঘের উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এটি চালু করে। ১৯৮৭ সালের ১১ জুলাই বিশ্বের জনসংখ্যা ৫০০ কোটি বা ৫ বিলিয়ন হয়েছিল। এই ঐতিহাসিক দিনটিকে মনে রাখতেই দিবসটির সৃষ্টি। ১৯৯০ সালের ১১ জুলাই বিশ্বের ৯০টি দেশে প্রথমবার এই দিবসটি পালন করা হয়। বর্তমানে বিশ্বের জনসংখ্যা ৮৩০ কোটিরও বেশি। অতিরিক্ত জনসংখ্যা কীভাবে পৃথিবীর সম্পদ ও পরিবেশের ওপর চাপ ফেলছে তা নিয়েও আলোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নয়ন কুমার রাজবংশী বলেন, জনসংখ্যার সাথে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের ওতপ্রত সম্পর্ক আছে। জনসংখ্যা নিয়ন্ত্রণে তাদের অনেক বড় একটি ভূমিকা রয়েছে। একটি বাচ্চা বড় হয়ে কেমন বৈশিষ্ট্যের অধিকারী হবে তা নির্ভর করে, কিভাবে একটি শিশুর জন্ম দেওয়া হচ্ছে। মায়ের চিন্তা-ভাবনাই সন্তানের মধ্যে সঞ্চালিত হয়। সু-সন্তান জন্মের জন্য আমরা কি চিন্তা করছি তা আমাদের ভবিষ্যত জাতি গঠনের জন্য বড় একটি ভূমিকা রাখে। উন্নত আত্মা যদি আপনি পৃথিবীতে নিয়ে আসতে চান তাহলে আপনার একটি সুনির্দিষ্ট পরিকল্পনা প্রয়োজন।
জনসংখ্যা দিবসসের আলোচনায় আরো বক্তব্য রাখেন চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, জেলা আইসিটি অফিসার তৌহিদুল ইসলাম, ঝিনুক মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী জান্নাতুল ফেরদৌস রোজা, ৩নং ওয়ার্ড পরিবার কল্যাণ সহকারী মহাসিনা বিশ্বাস, দামুড়হুদা উপজেলা পরিবার পরিকল্পনা পরিদর্শক জামশেদ আলী, পরিবার কল্যাণ পরিদর্শিকা আফরিন আরা, বেগমপুর ইউনিয়ন  উপসহকারী পরিবার কল্যাণ পরিদর্শক আলমগীর কবীর প্রমুখ।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, জেলা তথ্য অফিসার শিল্পী মন্ডল, চুয়াডাঙ্গা প্রেসক্লার সভাপতি নাজমুল হক স্বপন, সাধারণ সম্পাদক শাহ আলম সনিসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। অনুষ্ঠান শেষে এবছরের শ্রেষ্ঠ পরিবার পরিকল্পনা কর্মকর্তা-কর্মচারীদের মাঝে পুরস্কার ও সম্মাননা ক্রেস্ট বিতরণ করা হয়।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।