স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার বেলা ১১টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক লুৎফুন নাহার।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিএম তারিকুজ্জামানের সঞ্চলনায় সভার শুরুতে জেলার বিগত মাসের বিভিন্ন অপরাধের চিত্র তুলে ধরা হয়। সেখানে দেখা যায় গত মাসের তুলনায় জেলায় চুরির প্রবণতা বেড়েছে। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক লুৎফুন নাহার বলেন, জেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও শান্তিপূর্ণ রাখতে প্রশাসন, পুলিশ, বিজিবি, আনসারসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে। অপরাধ, মাদক, চাঁদাবাজি, কিশোর গ্যাং, সাইবার অপরাধ এবং সামাজিক অস্থিরতা সৃষ্টিকারী যেকোনো কর্মকাণ্ডের বিরুদ্ধে কঠোর অবস্থান বজায় থাকবে। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম নির্বিঘ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। আইনশৃঙ্খলা রক্ষায় জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও সচেতন নাগরিকদের সহযোগিতাও অত্যন্ত গুরুত্বপূর্ণ।
এ সময় বক্তারা বলেন, জেলায় বাল্যবিবাহ বন্ধ করতে হবে। একই সাথে বাল্যবিবাহ যিনি দিবেন অর্থাৎ বিয়ে পড়ানো কাজীকে বাল্যবিবাহের সাথে জড়িত থাকলে লাইসেন্স বাতিল করা প্রয়োজন। মাদক, চোরাচালান বন্ধ করার জন্য কঠোর ভাবে আইন প্রয়োগ করতে হবে। একই সাথে জেলার বিভিন্ন জায়গায় যুবকরা মাদকের দিকে ধাবিত হচ্ছে। তাদের কিভাবে মাদকাসক্ত থেকে ফিরে নিয়ে আসা যায়, সে ব্যাপারে পদক্ষেপ গ্রহণ করতে হবে। নিষিদ্ধ ঘোষিত রাজনৈতিক সংগঠন আওয়ামী লীগের বিভিন্ন নেতাকর্মী মামলা থাকা সত্ত্বেও এখনো পুলিশের ধরাছোঁয়ার বাইরে। তাদের দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতারের জন্য অভিযান করতে হবে। জেলার দামুড়হুদা উপজেলার ছটেঙ্গা মাঠের অবৈধভাবে মাটি বালু উত্তোলন বন্ধে অতিরিক্ত পুলিশ মোতায়েন করতে হবে।
আইনশৃঙ্খলা কমিটির সভায় উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান, জেলা পরিষদের প্রশাসক শরীফুজ্জামান শরীফ, স্থানীয় সরকারের উপ-পরিচালক শারমিন আক্তার, চুয়াডাঙ্গা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সিদ্দিকুর রহমান, সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোস্তাফিজুর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা তিথি মিত্র, আলমডাঙ্গা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহিনুর আক্তার, দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা লাভলী ইয়াসমিন, জীবননগর উপজেলার নির্বাহী কর্মকর্তা সুমাইয়া সুলতানা এ্যানি, চুয়াডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি নাজমুল হক স্বপন প্রমুখ।
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভায় জেলা প্রশাসক লুৎফুন নাহার



