টানা বর্ষণে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত, রাস্তা-ঘাট ফসলি জমি পানির নিচে ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড, সোমবার পর্যন্ত ভারী বর্ষণের সম্ভাবনা

স্টাফ রিপোর্টার
একটানা বর্ষণে চুয়াডাঙ্গায় জনজীবন বিপর্যস্ত হয়েছে। বৃষ্টিতে রাস্তা-ঘাট ফসলি জমি পানির নিচে তলিয়ে গেছে। গতকাল শুক্রবার ভোর থেকে শুরু হওয়া টানা বৃষ্টিতে শহরের বিভিন্ন সড়ক, অলিগলি ও নিচু এলাকায় জলাবন্ধতা দেখা দিয়েছে। তবে বেলা বাড়ার সাথে সাথে অনেকস্থানে পানি নেমে গেছে। এছাড়া অনেক নিচু এলাকায় পানি জমে থাকায় দুর্ভোগ পুরোপুরি কাটেনি। অনেকস্থানে বাড়িতে বৃষ্টির পানি প্রবেশ করায়, পরিবার পরিজন নিয়ে বিদ্যালয়ে আশ্রয় নিয়েছে। গত ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস।  
চুয়াডাঙ্গা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন, ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গায় ১৭৪ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটি অতি ভারী বৃষ্টিপাতের মধ্যে পড়ে। বর্তামানে মৌসুমি বায়ু সক্রিয় রয়েছে।  শুক্রবার ভোর ৩টা ৪০ মিনিট থেকে সকাল ৯টা পর্যন্ত একটানা ভারি বর্ষণ হয়েছে। এতে অনেক নিন্মাঞ্চল পানিতে তলিয়ে গেছে বলে খবর পাওয়া গেছে। কিছু জায়গায় রাস্তা ভেঙ্গে সড়ক যোগাযোগ বন্ধ হয়ে গেছে। তিনি আরো জানান, আগামী সোমবার পর্যন্ত চুয়াডাঙ্গাসহ আশেপাশের জেলায় ভারী বর্ষণের সম্ভবনা রয়েছে। এরপরেও জুলাই মাস জুড়ে কম বেশি বৃষ্টিপাত হতে পারে। এদিকে গত জুন মাস চুয়াডাঙ্গায় বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে ১৮৮ মিলিমিটার। যা গত বছরের তুলনায় ৩০ ভাগ কম।
জানা গেছে, গতকাল ভোর রাত সাড়ে ৩টার দিকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়। এরপর সকাল সাড়ে ৫টার দিকে মুশলধারে বৃষ্টি শুরু হয়। একটানা সাড়ে ৩ ঘন্টাব্যাপী বৃষ্টিতে শহরের চাঁদামারী মাঠ, হাসপাতাল সড়ক, কোর্টপাড়া, কলেজপাড়া, ফেরিঘাট রোড, পুরাতন বাজার, রেলস্টেশন এলাকা, বাস টার্মিনালসহ বিভিন্ন সড়কে হাঁটুসমান পানি জমে যায়। ফলে প্রাত ভ্রমনে বের হওয়া মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী ও দিনমজুরা বাড়ি থেকে বের হতে পারেনি। অনেক মানুষ ঘরবন্দি হয়ে পড়ে। তবে বেলা বাড়ার সাথে বৃষ্টির তীব্রতা কমে আসে। দুপুরের পর থেকে আর বৃষ্টিপাত হয়নি।  তবে ভারী বর্ষণে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, সে বিষয়ে জেলা প্রশাসন, কৃষি বিভাগ, মৎস্য বিভাগের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি। অতি বৃষ্টির ফলে গ্রীষ্মকালিন সবজি ও আমন বীজতলা ক্ষতিগ্রস্থ হয়েছে। বৃষ্টিপাতের কারণে চুয়াডাঙ্গার নিম্নাঞ্চল পানিতে তলিয়ে ঘরবাড়ি ও ফসল পানিতে তলিয়ে যাওয়ায় বিপাকে পড়েছে মানুষ। দামুড়হুদার জয়রামপুরে  রাস্তা ভেঙ্গে যাওয়ায় দু’গ্রামের মধ্যে চলাচল বন্ধ হয়ে গেছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।