আলমডাঙ্গা উপজেলা জামায়াতের রুকন সভা অনুষ্ঠিত

আলমডাঙ্গা অফিস
কুরআন-হাদিস অধ্যয়ন, ইসলামী জ্ঞানচর্চা এবং আখেরাতমুখী জীবন গঠনের আহ্বান জানিয়ে আলমডাঙ্গা উপজেলা জামায়াতে ইসলামীর রুকন সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেল ৪টায় উপজেলা জামায়াতের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন আলমডাঙ্গা উপজেলা জামায়াতের আমীর ও উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক শফিউল আলম বকুল। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গা জেলা জামায়াতের নায়েবে আমীর ও দামুড়হুদা উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী মাওলানা আজিজুর রহমান।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, রুকনদের নিয়মিত কুরআনের আয়াত মুখস্থ, হাদিস অধ্যয়ন এবং ইসলামী সাহিত্য পাঠের মাধ্যমে নিজেদের জ্ঞান ও আমল সমৃদ্ধ করতে হবে। মহানবী হযরত মুহাম্মদ (সা.) ও সাহাবায়ে কেরামের ত্যাগ, কোরবানি এবং সংগ্রামের আদর্শ অনুসরণ করে আখেরাতমুখী জীবন গড়ে তোলার আহ্বান জানান তিনি।
তিনি আরও বলেন, ইসলামী আন্দোলনের কর্মীদের ব্যক্তিগত, পারিবারিক ও সামাজিক জীবনে ইসলামী আদর্শের প্রতিফলন ঘটাতে হবে এবং দ্বীনের পথে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও সমাজকল্যাণ সম্পাদক এবং জামজামী ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী আলতাফ হুসাইন, উপজেলা জামায়াতের নায়েবে আমীর ও ডাউকি ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী ইউসুফ আলী মাস্টার, উপজেলা তারবিয়াত সেক্রেটারি বিলাল হোসাইন এবং অফিস সম্পাদক রফিকুল ইসলাম।
উপজেলা জামায়াতের সেক্রেটারি মামুন রেজার সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় উপজেলার বিভিন্ন ইউনিয়নের রুকনরা উপস্থিত ছিলেন।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।