স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ০৬ মাস মেয়াদী ‘ড্রাইভিং কাম অটো মেকানিক্স’ কোর্সের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১২টায় কলেজ মিলনায়তনে আয়োজিত এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে নতুন এই ব্যাচের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কোর্সের শুভ উদ্বোধন ঘোষণা করেন চুয়াডাঙ্গা জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো: শরীফুজ্জামান শরীফ। প্রধান অতিথির বক্তব্যে তিনি চুয়াডাঙ্গার প্রাচীন ও অত্যন্ত গুরুত্বপূর্ণ এই সরকারি প্রতিষ্ঠানটির অতীত অবহেলার চিত্র তুলে ধরে দুঃখ প্রকাশ করেন। তিনি বলেন, কারিগরি শিক্ষার উন্নয়ন ছাড়া একটি দেশের সামগ্রিক অগ্রগতি অসম্ভব। বর্তমান প্রেক্ষাপটে কারিগরি শিক্ষাকে সর্বোচ্চ প্রাধান্য দিয়ে সম্মিলিতভাবে আগামীর বাংলাদেশ গড়তে হবে। এই অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়ন এবং তারেক রহমানের হাতকে শক্তিশালী করতে যুবসমাজকে দক্ষ জনশক্তিতে রূপান্তরের কোনো বিকল্প নেই।
প্রতিষ্ঠানের শিক্ষক সংকট ও বিভিন্ন সীমাবদ্ধতা দূরীকরণে চুয়াডাঙ্গা জেলা পরিষদ সর্বোচ্চ পাশে থাকবে বলে আশ্বস্ত করেন প্রধান অতিথি। তিনি বলেন, “আমি অধ্যক্ষ মহোদয়কে বলেছি, শিক্ষক সংকটের বিষয়টি বিস্তারিতভাবে সামারি করে আমাকে দেওয়ার জন্য। আমি নিজে এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে কথা বলব।” জেলার উন্নয়ন প্রসঙ্গে তিনি আক্ষেপ করে বলেন, নানা সীমাবদ্ধতার কারণে চুয়াডাঙ্গাকে দীর্ঘদিন ধরে সি-ক্যাটাগরির জেলা হিসেবেই রাখা হয়েছে, কেউ একে বি-ক্যাটাগরিতে উন্নীত করার কথা ভাবেনি। এই শিক্ষা প্রতিষ্ঠানটিকে সাধারণ মানুষের কাছে আরও পরিচিত ও দৃশ্যমান করতে জেলা পরিষদের জায়গায় সামনের অংশে একটি আধুনিক মার্কেট নির্মাণ করে দেওয়ার প্রতিশ্রুতিও দেন তিনি।
চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. আব্দুল হালিম ভূঁইয়ার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম পিটু, চুয়াডাঙ্গা সরকারি টেকনিক্যাল স্কুল ও কলেজের একাডেমিক ইনচার্জ মাহমুদুল হাসান, ইনস্ট্রাক্টর তপন কুমার পাল এবং সিআই (নন-টেক) মো: হাদিউজ্জামানসহ প্রতিষ্ঠানের অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন অটোমোবাইল ট্রেডের জুনিয়র ইন্সট্রাক্টর সুমন মিয়া এবং পুরো আয়োজনটি অত্যন্ত চমৎকারভাবে সঞ্চালনা করেন বাংলা বিষয়ের ইন্সট্রাক্টর রুবেল হোসেন। বক্তারা আশা প্রকাশ করেন, এই কোর্সের মাধ্যমে চুয়াডাঙ্গার বেকার যুবকেরা দক্ষ চালক ও মেকানিক হিসেবে গড়ে উঠে দেশে এবং বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে সক্ষম হবে।
চুয়াডাঙ্গায় ড্রাইভিং ও অটো মেকানিক্স কোর্সের উদ্বোধনকালে জেলা পরিষদ প্রশাসক শরীফ



