লোডশেডিং ও ভুতুড়ে বিদ্যুৎ বিলের প্রতিবাদে দর্শনায় বিএনপির বিক্ষোভ

দর্শনা অফিস
ঘনঘন লোডশেডিং, বিদ্যুৎ বণ্টনে বৈষম্য, ভুতুড়ে বিদ্যুৎ বিল এবং গ্রাহক হয়রানির প্রতিবাদে দর্শনা পৌর বিএনপি পল্লী বিদ্যুৎ অফিসে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার দুপুর ২টার দিকে চুয়াডাঙ্গা জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম তরফদার সাবুর নেতৃত্বে দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল মাস্টার, মাহবুবুল হক খোকন, শরীফ উদ্দীন, নাসির উদ্দীন খেদুসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দর্শনা পল্লী বিদ্যুতের সাব-জোনাল অফিসে যান। সেখানে তারা এজিএম (ওঅ্যান্ডএম) আমিনুল ইসলামের কাছে বিভিন্ন অভিযোগ তুলে ধরে দ্রুত সমাধানের দাবি জানান।
এ সময় দর্শনা পৌর বিএনপির সমন্বয়ক নাহারুল মাস্টার বলেন, দর্শনা এলাকায় বিদ্যুৎ বিভাগের অনিয়ম ও দুর্ভোগ এখন চরম পর্যায়ে পৌঁছেছে। দীর্ঘ সময় লোডশেডিংয়ের কারণে সাধারণ মানুষের জনজীবন ও ব্যবসা-বাণিজ্য মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। পাশাপাশি অনেক গ্রাহককে অস্বাভাবিক ও ভুতুড়ে বিদ্যুৎ বিল পরিশোধ করতে বাধ্য করা হচ্ছে। অভিযোগ নিয়ে অফিসে গেলে অনেক ক্ষেত্রে গ্রাহকদের সঙ্গে অসৌজন্যমূলক আচরণ করা হয় বলেও তিনি অভিযোগ করেন।
বিক্ষোভকারীরা অবিলম্বে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা, ভুতুড়ে বিদ্যুৎ বিল সংশোধন, বিদ্যুৎ বণ্টনে বৈষম্য দূর করা এবং গ্রাহকবান্ধব সেবা নিশ্চিত করার দাবি জানান।
নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত এসব সমস্যার সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণ না করা হলে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে। একই সঙ্গে অনিয়ম ও গ্রাহক হয়রানির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবিও জানান তারা।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।