স্টাফ রিপোর্টার
দেশব্যাপী শিশুদের অপুষ্টি দূরীকরণ এবং অন্ধত্ব প্রতিরোধে চুয়াডাঙ্গায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। গতকাল রবিবার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিসের সম্মেলন কক্ষে কয়েকটি শিশুকে ক্যাপসুল খাওয়ানোর মধ্য দিয়ে দিনব্যাপী ক্যাম্পেইনের উদ্ধোধন করা হয়। এর আগে সন্মেলন কক্ষে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠান এর আয়োজনে এবং চুয়াডাঙ্গা সিভিল সার্জন অফিস এর বাস্তবায়নে এই ক্যাম্পেইনটি শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক আবু হেনা মোহাম্মদ জামাল। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলার সকল উপজেলা, পৌরসভা এবং গ্রামীণ এলাকার নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে একযোগে এই ক্যাপসুল খাওয়ানো হচ্ছে। অভিভাবকবৃন্দকে তাদের শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে এসে সম্পূর্ণ বিনামূল্যে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর জন্য বলা হচ্ছে।
সিভিল সার্জন ডা. হাদী জিয়াউদ্দিন আহমেদ বলেন, ছয় মাস থেকে পাঁচ বছর বয়সী শিশুদের জন্য ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো আবশ্যক। ভিটামিন এর অভাবে যে সকল রোগ হয় তার প্রতিষেধক হিসাবে ভিটামিন এ প্লাস ক্যাপসুল কাজ করে। রাতকানা হামের মতো রোগ প্রতিরোধে ভিটামিন এ ক্যাপসুল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই প্রতিটি শিশুকে রোগমুক্ত রাখার জন্য অবশ্যই ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো প্রয়োজন। আমরা চাই জেলা ব্যাপী সকল শিশুর শতভাগ ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো নিশ্চিত হোক। এবার চুয়াডাঙ্গা জেলার ৪ উপজেলায় ১ লাখ ৪৫ হাজার ৮৪৫ জনকে ভিটামিনের প্লাস ক্যাম্পেইন খাওয়ানো হবে। ৬ মাস থেকে ৫ বছর বয়সী একটি শিশু যেন এই ক্যাম্পেইন থেকে বাদ না পড়ে। আমরা চাই জেলার শতভাগ শিশুকেই যেন ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হয়।
এ সময় বক্তারা বলেন শিশুদের সুস্থ-সবলভাবে বেড়ে ওঠার জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপূর্ণ। এটি শিশুদের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অন্ধত্ব প্রতিরোধে শতভাগ কার্যকরী ভূমিকা পালন করে। সভায় সিভিল সার্জন কাার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শামিমা ইয়াসমিন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিনিধি ডা. খন্দকার ইমরান হাসিব, ইপিআই সুপারভাইজার রেহেনা খাতুনসহ স্বাস্থ্য বিভাগীয় কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
চুয়াডাঙ্গা সিভিল সার্জন কার্যালয়ে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন



