আলমডাঙ্গা অফিস
আলমডাঙ্গা উপজেলার ভাংবাড়িয়া ইউনিয়নের বাঁশবাড়ীয়া গ্রামে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের জমি দখলকে কেন্দ্র করে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে| জমি দখলের চেষ্টার সময় বোমা বিস্ফোরণ, মরিচ ক্ষেত নষ্ট এবং হামলার অভিযোগ উঠেছে| এ ঘটনায় স্থানীয় গ্রামবাসীরা ১৩ জনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছেন| গতকাল বুধবার সকাল ৮টার দিকে বাঁশবাড়ীয়া গ্রামের শ্মশানসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে|
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে বিরোধপূর্ণ ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলে আসছিল| ঘটনার দিন ২০ থেকে ২৫ জনের একটি দল একটি ট্রাক্টর নিয়ে জমিতে প্রবেশ করে| এরপর ট্রাক্টর দিয়ে জমিতে আবাদকৃত মরিচ ক্ষেত চাষ করে ব্যাপক ক্ষয়ক্ষতি করা হয় বলে অভিযোগ করেছেন জমির দখলদার পক্ষ| এ সময় স্থানীয় গ্রামবাসীরা ঘটনাস্থলে ছুটে এসে অভিযুক্তদের প্রতিরোধ করেন এবং ১৩ জনকে আটক করেন| তবে অভিযোগের মূল অভিযুক্ত হাকিম আলী ঘটনাস্থল থেকে পালিয়ে যান বলে জানা গেছে|
এ বিষয়ে শ্রী আনন্দ কুমার পাত্র সাংবাদিকদের জানান, তিনি প্রায় ২৫ বছর ধরে হিন্দু সম্প্রদায়ের শ্মশানের এই জমি ভোগদখল করে আসছেন| চার থেকে পাঁচ মাস আগে পাশের বামানগর গ্রামের হাকিম আলী তার লোকজন নিয়ে তার কলাক্ষেত ও বরজ কেটে ব্যাপক ক্ষতি করে| ওই ঘটনার পর তিনি চুয়াডাঙ্গা দেওয়ানি আদালতে মামলা দায়ের করেন, যা বর্তমানে বিচারাধীন রয়েছে|
তিনি আরও বলেন, মামলা চলমান থাকা অবস্থায় বুধবার সকালে হাকিম আলীর নেতৃত্বে ১৭ থেকে ২০ জন লোক একটি ট্রাক্টর নিয়ে জমিতে আসে| তারা প্রথমে বোমা বিস্ফোরণ ঘটিয়ে কৃষকদের ভয়ভীতি দেখিয়ে সরিয়ে দেয়| পরে মরিচ ক্ষেত ট্রাক্টর দিয়ে চাষ করে নষ্ট করে ফেলে|
খবর পেয়ে গ্রামবাসীরা এগিয়ে এসে তাদের আটক করে| তবে হাকিম আলী পালিয়ে যেতে সক্ষম হন|
ঘটনার খবর পেয়ে আলমডাঙ্গা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আটক ব্যক্তিদের হেফাজতে নেয়| পরে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়| আটককৃতরা হলেন— মাজহারুল ইসলাম (৩২), নিশান আলী (২০), হাসান আলী(২০) টুটুল মিয়া(২৫) তাজুল ইসলাম (২৬), রকি (২৫), সাগর হোসেন (২৫), মুন্না (২০), আবির হোসেন (১৮), সাব্বির আহম্মেদ (২৫), অনিক (১৮), আলিফ হোসেন এবং ট্রাক্টরচালক হযরত আলী| তাদের মধ্যে প্রথম ১২ জনের বাড়ি আলমডাঙ্গা পৌরসভার গোবিন্দপুর গ্রামে এবং হযরত আলীর বাড়ি ঝিনাইদাহ জেলার কালিগঞ্জ উপজেলায় বাড়ি জানা গেছে|
এ বিষয়ে আলমডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল বলেন, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে| গ্রামবাসীর হাতে আটক ১৩ জনকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে| ঘটনাস্থল থেকে একটি ট্রাক্টরও জব্দ করা হয়েছে| এ ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্তপূর্বক প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে|
আলমডাঙ্গার বাঁশবাড়ীয়ায় শ্মশানের জমি দখলের চেষ্টা বোমা বিস্ফোরণের অভিযোগ, গ্রামবাসীর হাতে ১৩ জন আটক



