দামুড়হুদায় দুই মাদক কারবারিকে আটক করে পুলিশে সোপর্দ

দামুড়হুদা অফিস
দামুড়হুদা উপজেলায় মাদকের বিরুদ্ধে সাধারণ মানুষের অবস্থান আরও দৃঢ় হচ্ছে। মাদকের ভয়াবহ বিস্তার রোধ এবং যুবসমাজকে রক্ষার লক্ষ্যে সচেতন এলাকাবাসীর উদ্যোগে পৃথক অভিযানে দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। পরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শনিবার চুয়াডাঙ্গা বিজ্ঞ আদালতে পাঠানো হয়। আটক ব্যক্তিরা হলেন উপজেলার নতিপোতা গ্রামের হযরত আলীর ছেলে খায়রুল হাসান পুলক (৪০) এবং দলকা-লক্ষ্মীপুর গয়েশপুর মাঠপাড়া এলাকার নুর ইসলামের ছেলে বিদ্যুৎ হোসেন (৩৭)।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত ৮টার দিকে খায়রুল হাসান পুলককে এবং শনিবার পৃথক অভিযানে বিদ্যুৎ হোসেনকে নিজ নিজ এলাকা থেকে আটক করেন স্থানীয় সচেতন জনগণ। এ সময় তাদের কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য উদ্ধার করা হয়। পরে তাদেরকে দামুড়হুদা মডেল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের আদালতে প্রেরণ করা হয়।
দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মেসবাহ্ উদ্দিন বলেন, মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা করতে এলাকাবাসী গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। সচেতন নাগরিকদের সহযোগিতায় দুই মাদক কারবারিকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং শনিবার আদালতে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে পুলিশ ও জনগণের সম্মিলিত উদ্যোগই সবচেয়ে বড় শক্তি। মাদক ব্যবসায়ী, সেবনকারী এবং মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপরাধ দমনে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সকলের প্রতি আহ্বান জানাচ্ছি।
স্থানীয় সচেতন মহলের মতে, মাদকের বিরুদ্ধে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষের সক্রিয় অংশগ্রহণ বৃদ্ধি পেলে সমাজে মাদকের বিস্তার অনেকাংশে রোধ করা সম্ভব হবে। এলাকাবাসীর এমন সাহসী ও দায়িত্বশীল ভূমিকা অন্যদেরও উদ্বুদ্ধ করবে এবং একটি নিরাপদ, সুস্থ ও মাদকমুক্ত সমাজ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।