দামুড়হুদার উজিরপুরে মাদকবিরোধী যুব সমাবেশে এসপি রুহুল কবীর খান

স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার উজিরপুর গ্রামে মাদকের ভয়াবহতা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধি এবং যুবসমাজকে মাদকমুক্ত রাখার লক্ষ্যে মাদকবিরোধী যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার বিকালে উজিরপুর খলিফাপাড়ায় “মাদককে না বলি, সুস্থ জীবন গড়ি” প্রতিপাদ্যকে সামনে রেখে এ সমাবেশের আয়োজন করে সচেতন যুব সমাজ, উজিরপুর।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চুয়াডাঙ্গার পুলিশ সুপার মোহাম্মদ রুহুল কবীর খান। তিনি তার বক্তব্যে বলেন, মাদক একটি ভয়াবহ সামাজিক ব্যাধি, যা ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংসের দিকে ঠেলে দেয়। মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে যুবসমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি মাদকমুক্ত সমাজ গঠনে সকল শ্রেণি-পেশার মানুষের সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন এবং মাদক সংক্রান্ত তথ্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানিয়ে সহযোগিতা করার আহ্বান জানান।


পুলিশ সুপার আরও বলেন, যুবসমাজকে মাদকের কুফল সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি খেলাধুলা, শিক্ষা ও বিভিন্ন ইতিবাচক সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকতে হবে। দেশ ও জাতির কল্যাণে নিজেদেরকে নিয়োজিত রাখার মাধ্যমেই একটি সুস্থ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলা সম্ভব।
সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. মোস্তাফিজুর রহমান এবং দামুড়হুদা মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সুলতান মাহমুদ। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, জনপ্রতিনিধি, শিক্ষক, অভিভাবক, যুবসমাজসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা ও পারিবারিক নজরদারি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ ধরনের সচেতনতামূলক কার্যক্রম যুবসমাজকে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন করে তুলবে এবং সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে সহায়ক ভূমিকা পালন করবে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।