স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যারাক থেকে আজিজুর রহমান নামের এক বিজিবি সদস্যের মরদেহ উদ্ধার করা হয়েছে| গতকাল শনিবার দুপুরে চুয়াডাঙ্গা সদর থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে| নিহত আজিজুর রহমান (৪৩) চুয়াডাঙ্গা ব্যাটালিয়নের (৬ বিজিবি) একজন নায়েক হিসেবে কর্মরত ছিলেন|
৬ বিজিবির পরিচালক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হাসান জানান, একজন বিজিবি সদস্য আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে| তার বাড়ি ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায়| তিনি দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন| কয়েক মাস আগে থেকে ঢাকায় এক মানসিক ডাক্তারের চিকিৎসা নিচ্ছেন| গত মাসে ঢাকায় মেন্টাল ওয়ার্ডে ভর্তি ছিলো| ব্যাটালিয়নে তিনি ২০ বছরের অধিক সময় চাকুরী করছেন| পুলিশের একটি টিম লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেছে| এছাড়া একজন নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থল পরিদর্শন করেছেন|
চুয়াডাঙ্গা সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) শহিদুল ইসলাম বলেন, ব্যারাকের একটি কক্ষ থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে| ঘটনাস্থলে রশি ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে| প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, রাতের কোনো এক সময় এ ঘটনা ঘটে থাকতে পারে| তিনি আরও বলেন, বিজিবির পক্ষ থেকে আমাদের জানানো হয়েছে যে, নায়েক আজিজুর রহমান মানসিক অসুস্থতায় ভুগছিলেন| এ কারণেই তিনি আত্মহত্যা করে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে| তবে ময়নাতদন্ত ও তদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে|



