স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত, দুস্থ ও অসহায় পরিবারের পাশে দাঁড়িয়েছে সরকার| মানবিক সহায়তার অংশ হিসেবে এসব পরিবারের মাঝে বিনামূল্যে জি.আর ক্যাশ-এর চেক বিতরণ করা হয়েছে| গতকাল রোববার সকাল ১০টায় চুয়াডাঙ্গা সদর উপজেলা পরিষদ কনফারেন্স রুমে এক অনুষ্ঠানের মাধ্যমে এই চেক বিতরণ কর্মসূচি পালিত হয়| অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ক্ষতিগ্রস্ত ও দুস্থ পরিবারের হাতে চেকের অর্থ তুলে দেন চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য এ্যাড. মোঃ মাসুদ পারভেজ রাসেল|
গংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, চুয়াডাঙ্গা সদর উপজেলার দুর্যোগে ক্ষতিগ্রস্ত ও হতদরিদ্র মানুষদের সহায়তার জন্য এক লাখ টাকা বরাদ্দ এসেছে| সদর উপজেলার মোট ২৫ জন দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে চেক বিতরণ করা হয়| প্রতিজনকে ৪ হাজার টাকা করে সর্বমোট ১ লাখ টাকার চেক বিতরণ করা হয়|
চেক বিতরণকালে চুয়াডাঙ্গা-১ আসনের সংসদ সদস্য মাসুদ রাসেল বলেন, বর্তমান সরকার যেকোনো প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়াতে বদ্ধপরিকর| দুস্থ ও অসহায় পরিবারের দুঃখ-দুর্দশা লাঘবে এবং তাদের পুনর্বাসনের জন্য মানবিক সহায়তা হিসেবে এই অর্থ প্রদান করা হচ্ছে| সরকারের এই সামাজিক নিরাপত্তা ও ত্রাণ কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে| তিনি আরো বলেন, যদি কেউ প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে ক্ষতিগ্রস্ত হন, তাহলে টিআইও অথবা উপজেলা প্রশাসন এর মাধ্যমে ডিসি বরাবর আবেদন করতে হবে| সে ক্ষেত্রে আপনাদেরকে শুকনা খাবার থেকে শুরু করে আনুষাঙ্গিক আরও জিনিসপত্র যেমন ঘরবাড়ি ভেঙে গেলে টিন অথবা যে কোন সহায়তা একটা প্রসেসিং এর মাধ্যমে দেওয়া হয়ে থাকে| চুয়াডাঙ্গাতে বেশ কিছুদিন ঘূর্ণিঝড় এর মতে প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানে, এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হন| সেই কারণেই আমরা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের মাধ্যমে আবেদন করি এবং সেখান থেকে কিছু অর্থ ও চাল বরাদ্দ পাই| আর চুয়াডাঙ্গা সদর উপজেলার ২৫ জনের মাঝে এই অর্থের চেক বিতরণ করা হয়|
এ সময় আরো উপস্থিত ছিলেন, সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাহিদা ইসলাম, জেলা জামায়াতের প্রচার সম্পাদক মফিজুর রহমান জোয়ার্দ্দার, পৌর জামায়াতের সেক্রেটারি মোস্তফা কামাল, সদর উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারি সজিবুল ইসলাম প্রমুখ



