স্টাফ রিপোর্টার
চুয়াডাঙ্গা সদর উপজেলার বিভিন্ন এলাকায় বাজার তদারকি করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। গতকাল বৃহস্পতিবার বেলা ১১টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। অভিযানকালে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, মিষ্টি খোলা রাখা ও খাবারে অনুপযুক্ত রং ব্যবহার করার অপরাধে শহরের বড়বাজারে ‘মেসার্স সৃষ্টি ডেইরি’ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ মামুনুল হাসান।
ভোক্তা-অধিকার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, আসন্ন পবিত্র ঈদুল আযহাকে সামনে রেখে সদর উপজেলার মিষ্টি কারখানা, নিত্য প্রয়োজনীয় পণ্য ও মসলার বাজারে তদারকি করা হয়। এ সময় মেসার্স সৃষ্টি ডেইরিতে ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই সংরক্ষণ, তৈরি মিষ্টি সামগ্রী খোলা রাখা এবং খাবারে ব্যবহারের অনুপযুক্ত ক্ষতিকর রং সংরক্ষণ করার প্রমাণ মেলে। পরে ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুসারে প্রতিষ্ঠানের মালিক মো: নাজিম উদ্দীনকে ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। একই সাথে সংশ্লিষ্ট বিষয়গুলো দ্রুত সমাধান করার জন্য নির্দেশনা প্রদান করা হয়।
অভিযানকালে সংশ্লিষ্ট বাজারে মূল্য তালিকা হালনাগাদ করা, নির্ধারিত ও যৌক্তিক মূল্যে পণ্য ক্রয়-বিক্রয় করা, মেয়াদোত্তীর্ণ ও মানহীন পণ্য বা শিশু খাদ্য বিক্রয় না করার জন্য ব্যবসায়ীদের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি বিভিন্ন মার্কেটে দোকানসমূহকে জুতা-কাপড়সহ অন্যান্য সামগ্রী যৌক্তিক মূল্যে বিক্রয় করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করা হয়। সহযোগিতায় ছিলেন কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) প্রতিনিধি মো: রফিকুল ইসলাম এবং পুলিশের একটি টিম।
চুয়াডাঙ্গায় ফ্রিজে মেয়াদোত্তীর্ণ দই ও খাবার অনুপযোগী রং ব্যবহার করায় মিষ্টি দোকানী সৃষ্টি ডেইরিকে ৩০ হাজার টাকা জরিমানা



