দর্শনা অফিস
দর্শনা রেলবাজারে চুরির ঘটনা ঘটেছে| মঙ্গলবার দিবাগত রাতের কাজী নাজিরের বাড়িতে সংঘবদ্ধ চোরচক্র প্রবেশ করে তিনটি কক্ষের তালা ভেঙে ঘরের ভেতর ব্যাপক তছনছ চালায়|
জানা গেছে, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় সুযোগ নেয় চোরেরা| তারা ঘরের ড্রয়ার ও আলমারি ভেঙে নগদ টাকা, মূল্যবান মালামাল ও প্রয়োজনীয় আসবাবপত্র নিয়ে যায়| দর্শনা রেলবাজারে সাম্প্রতিক সময়ে চুরি যেন নিত্যদিনের ঘটনায় পরিণত হয়েছে| কয়েকদিন আগেই কালাম স্টোরের ডিমের দোকান থেকে প্রায় আড়াই লাখ টাকা চুরির ঘটনা ঘটে| কিন্তু একের পর এক চুরির ঘটনা ঘটলেও অপরাধীদের শনাক্ত কিংবা গ্রেপ্তারে দৃশ্যমান কোনো অগ্রগতি না থাকায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে| ব্যবসায়ীদের অভিযোগ, রাতের বেলায় বাজার এলাকায় পুলিশের টহল কার্যত চোখে পড়ে না| এতে চোরচক্র আরও বেপরোয়া হয়ে উঠছে| তারা দ্রুত সময়ের মধ্যে চোরদের গ্রেপ্তার এবং বাজার এলাকায় নিরাপত্তা জোরদারের দাবি জানান|
এ বিষয়ে দর্শনা থানার ওসি (তদন্ত) বলেন, বিষয়টি আমাকে এখনও জানানো হয়নি| তবে ক্ষতিগ্রস্ত পরিবার অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে|



