চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় গরু বোঝাই পাওয়ার ট্রিলার চালক রহিদুল নিহত

কার্পাসডাঙ্গা প্রতিনিধি:


চুয়াডাঙ্গায় ট্রাকের ধাক্কায় পাওয়ার ট্রিলার চালক রহিদুল (২৫) নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে| গতকাল বুধবার বেলা ১১টার দিকে চুয়াডাঙ্গা কোর্ট মোড়ে দুর্ঘটনা ঘটে| নিহত রহিদুল দামুড়হুদা উপজেলার কার্পাসডাঙ্গা কাষ্টমমোড় পাড়ার ইন্তা ফাঁকির ছেলে|
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল সকালে রহিদুল তার নিজ গ্রাম কার্পাসডাঙ্গা থেকে একটি পাওয়ার ট্রিলারে কয়েকটি গরু নিয়ে আলমডাঙ্গা পশুহাটের উদ্দেশ্যে রওনা হন| পথিমধ্যে পাওয়ার ট্রিলারটি চুয়াডাঙ্গা কোট মোড়ের সামনে পৌঁছালে পেছন থেকে একটি দ্রুতগামী ট্রাক সেটিকে ধাক্কা দেয়| ধাক্কায় রহিদুল ছিটকে রাস্তায় পড়ে যান এবং নিজের পাওয়ার ট্রিলারের চাকার নিচে পিষ্ট হয়ে গুরুতর আহত হন| ঘটনার পরপরই স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে যান| সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পরামর্শ দেন| পরে রাজশাহী নেওয়ার পথে রহিদুল মারা যান|
রহিদুলের অকাল মৃত্যুতে নিহতের পরিবার এবং কার্পাসডাঙ্গা এলাকায় গভীর শোকের ছায়া নেমে এসেছে| গতকাল বুধবার রাত ৯টার দিকে কার্পাসডাঙ্গা কবরস্থানে নামাজে জানাজা শেষে দাফনকার্য সম্পন্ন করা হয়|

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।