দর্শনা অফিস
দর্শনা রেলবাজারে একটি প্রসাধনী দোকানে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে| এ ঘটনায় দোকান মালিককে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয় বলে অভিযোগ উঠেছে|
প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানায়, গতকাল বুধবার দুপুরে দর্শনা রেলবাজারের ‘বিলাসী কসমেটিকস’ দোকানে ১০/১২ জনের একটি দল প্রবেশ করে| তারা দোকানে ঢুকেই হট্টগোল সৃষ্টি করে এবং একপর্যায়ে দোকানের কাচ ভাঙচুর করে| একই সঙ্গে দোকান মালিক আলী হোসেনকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়| তবে আশপাশের ব্যবসায়ীরা দ্রুত এগিয়ে এসে বাধা দিলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে এবং হামলাকারীরা সরে যায়|
বিলাসি কসমেটিক্স,র মালিক আলী হোসেন দাবি করেন, ঘটনার কিছুক্ষণ আগে এক নারী তার দোকান থেকে প্রসাধনী সামগ্রী নেওয়ার সময় অনিয়মের চেষ্টা করেন| বিষয়টি টের পেয়ে দোকানের কর্মচারীরা তার কাছ থেকে মালামাল উদ্ধার করেন| এর জের ধরেই পরবর্তীতে একদল লোক এসে হামলা চালায়|
অন্যদিকে অভিযুক্ত পক্ষের পরানপুর গ্রামের সজীব বলেন, তার বোন দোকানে কেনাকাটা করতে গিয়ে অসদাচরণের শিকার হয়েছেন| দোকানের লোকজন তার বোনকে হেয় প্রতিপন্ন করে এবং শারীরিকভাবে হেনস্তা করে, এ কারনে উত্তেজনার সৃষ্টি হয়|
দর্শনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) হিমেল রানা বলেন,এক পক্ষ থানায় এসেছিলেন, তবে কেউ লিখিত অভিযোগ দেননি| বাজার কমিটির পক্ষ থেকে মীমাংসার উদ্যোগ নেওয়া হয়েছে, বিষয়টি সেখানেই সমাধানের চেষ্টা চলছে|


