মেহেরপুরে পরকীয়া বিরোধে খুন খালাতো ভাই হত্যায় দুইজন গ্রেফতার

মেহেরপুর অফিস
মেহেরপুরে পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে খালাতো ভাইকে হত্যার ঘটনায় দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল বুধবার (৬ মে) দুপুরে সদর উপজেলার কুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে সামিরুল ইসলাম কালু (৩৫) ও বন্যা খাতুন (৩০)কে আটক করা হয়। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত রক্তাক্ত রামদা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত সামিরুল ইসলাম কালু মেহেরপুর শহরের শেখপাড়ার আকবর আলীর ছেলে এবং নিহত গোলাম হোসেনের খালাতো ভাই। অপরদিকে বন্যা খাতুন একই এলাকার রাজু আহমেদের স্ত্রী। মেহেরপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবিরের নেতৃত্বে অভিযানটি পরিচালিত হয়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, কালু কুলবাড়িয়া গ্রামের একটি বাড়িতে আত্মগোপনে রয়েছে। পরে পুলিশের একটি দল সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় বাড়ির পাশে থাকা একটি পাটকাঠির গাদা থেকে দুটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়। এর মধ্যে হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্রটি কালু নিজেই শনাক্ত করে।
উল্লেখ্য, পরকীয়া সংক্রান্ত বিরোধের জেরে মঙ্গলবার রাতে সামিরুল ইসলাম কালু তার খালাতো ভাই গোলাম হোসেনকে কুপিয়ে হত্যা করে বলে অভিযোগ রয়েছে। এ ঘটনায় নিহতের স্ত্রী আলেয়া খাতুন বাদী হয়ে মামলা দায়ের করেন। ঘটনার রাতেই দ্বিতীয় আসামি বন্যা খাতুনকে আটক করা হয় এবং পরদিন প্রধান আসামি কালুকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) জামিনুল ইসলাম খান জানান, ঘটনার বিষয়ে অধিকতর তদন্ত চলছে।

Leave a Comment

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।